Published : 04 Mar 2026, 01:32 PM
বাদ পড়ার হতাশা আছে। পাশাপাশি আছে বুক চিতিয়ে লড়াই করার গর্ব। ম্যাচের বাস্তবতা যেমন, তেমনি হান্সি ফ্লিকের অনুভূতিগুলোও মিলেমিশে একাকার। সেই মিশ্র অনুভূতি নিয়েই এখন বার্সেলোনা কোচ তাকিয়ে মৌসুমের বাকি সময়টায়।
কোপা দেল রের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বুধবার আতলেতিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা। তার পরও মাঠ ছাড়তে হয় তাদের চরম হতাশাকে সঙ্গী করে। প্রথম লেগের ব্যবধান যে ঘুচিয়ে দিতে পারেনি তারা!
প্রথম লেগে ৪-০ গোলে জয়ের পরও শঙ্কায় পড়ে যাওয়া আতলেতিকো শেষ পর্যন্ত উতরে যায়। ফাইনালে পৌঁছে যায় তারা ৪-৩ গোলে অগ্রগামিতায়।
প্রথম লেগের পরই আদতে ফাইনাল একরকম নিশ্চিত করে ফেলেছিল আতলেতিকো। কিন্তু অসাধারণ এক প্রত্যাবর্তনের গল্প রচনা প্রায় করেই ফেলেছিল বার্সেলোনা। তৃতীয় গোলটি যখন হয়, ম্যাচের নির্ধারিত সময়ের ১৮ মিনিট তখনও বাকি। কিন্তু বাকি সময়ে জালের দেখা আর পায়নি কাতালানরা।
ম্যাচের পর ফ্লিকের কণ্ঠে মিশে থাকল মিশ্র অনুভূতির ছোঁয়া।
“আমরা অবশ্যই হতাশ, তবে যে পারফরম্যান্স আমরা মেলে ধরেছি আজকে, তাতে গর্বিতও হতে পারি। অসাধারণ খেলেছি আমরা এবং অনেক সুযোগ তৈরি করেছি, যেখান থেকে আরও গোল হতে পারত। শেষ পর্যন্ত তা হয়নি এবং আমাদেরকে মেনে নিতেই হবে।”
এই ম্যাচে বার্সেলোনার বড় প্রাপ্তি ছিল মার্ক বের্নালের পারফরম্যান্স। প্রথমার্ধে দলের প্রথম গোলটি করার পর ৭২তম মিনিটে দলের তৃতীয় গোলটিও করেন তিনি। ১৮ বছর বয়সী এই মিডফিল্ডারের সামনে অপার সম্ভাবনা দেখছেন কোচ।
“মার্ক আজকে অবিশ্বাস্য এক ম্যাচ খেলেছে। এরকম মানসিকতাই তার কাছ থেকে দেখতে চাই, কারণ সে অসাধারণ এক প্রতিভা। বল পায়ে, আক্রমণ গড়ে তোলায় সে দারুণ। আজকে সে দুর্দান্ত খেলেছে, ভালো লাগছে দেখে।”
কোপা দেল রে থেকে ছিটকে যাওয়ার পর এখন মৌসুমের বাকি সময়টায় অন্য দুটি আসরে মনোযোগ থাকবে বার্সেলোনার। লা লিগায় শীর্ষে আছে তারা রেয়াল মাদ্রিদের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে থেকে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড।
আতলেতিকোর সঙ্গে এই ম্যাচের পারফরম্যান্সের প্রেরণা নিয়ে সামনের পথচলায় আশাভরে তাকিয়ে বার্সেলোনা কোচ।
“লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। সামনে বড় এক প্রতিপক্ষ আমাদের অপেক্ষায়। নিউক্যাসল খুবই শক্তিশালী দল। প্রতি তিন বা চার দিনে একটি করে ম্যাচ আছে আমাদের। পরবর্তী সপ্তাহ ও মাসগুলোয় এটিই আমাদের কাজ।”
“চ্যাম্পিয়ন্স লিগে যত বেশি সম্ভব ম্যাচ খেলতে চাই আমরা। কাজেই এভাবে চালিয়ে যেতে হবে আমাদের। আজকে দলের যে মান আমি দেখেছি, অবিশ্বাস্য তা। আমার দল নিয়ে আমি গর্বিত, দারুণ খেলেছে ওরা।”