১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দোন্নারুম্মাকে নিয়ে প্রশ্নে চটে গেলেন পিএসজি কোচ

গত মৌসুমে পিএসজির ট্রেবল জয়ের পথে বড় অবদান রাখলেও ইতালিয়ান এই গোলকিপারকে আর দলে চান না কোচ লুইস এনরিকে, তার প্রয়োজন ভিন্ন ধরনের গোলকিপার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2025, 11:44 AM

Updated : 26 Aug 2026, 01:34 PM

জানলুইজি দোন্নারুম্মার প্রতি কৃতজ্ঞতা আর তাকে নিয়ে ভালো ভালো কথাই শুরুতে বলছিলেন লুইস এনরিকে। তবে বারংবার প্রশ্নে এক পর্যায়ে বেশ রেগেই গেলেন পিএসচি কোজ। বিরক্তি নিয়ে বললেন, এই গোলকিপারকে নিয়ে আর কোনো প্রশ্নের উত্তর দেবেন না তিনি।

দোন্নারুম্মাকে নিয়ে পিএসজিতে টানাপোড়েন চলছিল কিছুদিন ধরেই। গত মৌসুমে পিএসজির ট্রেবল জয়ের পথে দুর্দান্ত পারফর্ম করলেও কোচের মন জয় করতে পারেননি এই গোলকিপার। 

সম্প্রতি লিল থেকে ফরাসি গোলকিপার লুকাহ শুভালিয়েকে পাঁচ বছরের চুক্তিতে দলে নিয়েছে তারা। পরে উয়েফো সুপার কাপে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচের স্কোয়াডেই দোন্নারুম্মাকে রাখেননি কোচ। হতাশ দোন্নারুম্মা পরে সামাজিক মাধ্যমে ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানান। ‘একজনের কারণে’ ক্লাব ছাড়তে বাধ্য হচ্ছেন বলেও উল্লেখ করেন ২৬ বছর বয়সী গোলকিপার।

টটেনহ্যামের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এনরিকে বললেন, দোন্নারুম্মা বিশ্বসেরাদের একজন হলেও তিনি দলে চান ভিন্ন ঘরানার কিপার। 

“এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সবসময়ই কঠিন। জানলুইজি দোন্নারুম্মাকে নিয়ে আমি কেবল ভালো কিছুই বলতে পারি।”

“তার পজিশনে সে বিশ্বের সেরাদের একজন, কোনো সংশয় নয়। মানুষ হিসেবে সে আরও ভালো। তবে আমরা চাচ্ছি ভিন্ন প্রোফাইলের একজন কিপার।”

পিএসজিকে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ এনে দেওয়া কোচের দাবি, দলকে আরও সমৃদ্ধ করে তুলতেই তার এই সিদ্ধান্ত। 

“দোন্নারুম্মার যে মানের ফুটবলার এবং এই ক্লাবের হয়ে সে যা করেছে, অবশ্যই তা আমরা উপলব্ধি করতে পারছি। তবে আমার লক্ষ্য হলো দলকে আরও উন্নত করা এবং সম্ভাব্য সেরা পথেই সেই চেষ্টা করে যাচ্ছি আমি।”

দোন্নারুম্মাকে নিয়ে প্রশ্ন চলতেই থাকে। সুপার কাপের ম্যাচটি হবে ইতালির উদিনেতে। সংবাদ সম্মেলনে তাই বেশির ভাগ ছিলেন ইতালিয়ান সংবাদকর্মীই। স্বাভাবিকভাবেই নিয়ে প্রশ্নের পর প্রশ্ন ছুটে যাচ্ছিল ইতালির ২০২১ ইউরো জয়ের নায়ক দোন্নারুম্মাকে নিয়ে। এক পর্যায়ে ধৈর্য হারিয়ে ফেললেন পিএসজি কোচ। 

“এটা নিয়ে আর কোনো প্রশ্ন নয়। এই সিদ্ধান্ত আমি নিয়েছি, ক্লাব নিয়েছে এবং ক্লাব আমার পাশে আছে। এখন সব পক্ষের জন্য সেরা সমাধান বের করতে হবে আমাদের।”

সংবাদ সম্মেলন যখন চলছে, তখনও দোন্নারুম্মার বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তাকে নিয়ে প্রশ্নে পিএসজি অধিনায়ক মার্কিনিয়োস উত্তর দিলেন দার্শনিকের মতো। 

“এটা সবসময়ই কঠিন। ১২-১৩ বছর ধরে আমি এখানে আছি এবং অনেক ফুটবলারকেই দেখেছি এসবের মধ্য দিয়ে যেতে। জীবনটাই এমন, ফুটবলও এমন। একদিন আমাকেও ক্লাব ছাড়তে হবে। আশা করি, সেটা ভালোভাবেই হবে। ফুটবলাররা এভাবেই আসে ও যায়, ক্লাব রয়ে যায়, সমর্থকেরা ও ইতিহাস রয়ে যায়।”

“জানি না সে থাকবে নাকি চলে যাবে। থেকে গেলে অবশ্যই আমরা তাকে খোলা মনে আলিঙ্গন করব। কারণ গত মৌসুমে সে যা করেছে, তা অবিশ্বাস্য। তার কারণেই আমরা ফাইনালে উঠেছি, ট্রফি জিতেছি। তবে তাকে চলে যেতে হলে আমরা ধন্যবাদ জানাব।”