এসএ গেমস
Published : 28 Jan 2026, 09:10 PM
দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) চতুর্দশ আসর নিয়ে অপেক্ষা যেন ফুরাচ্ছেই না। এ বছর জানুয়ারিতে পাকিস্তানে শুরুর কথা ছিল। সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভার পর এবার নতুন তারিখ জানাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। পাকিস্তানে আগামী বছর মার্চে এসএ গেমস শুরুর দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে সভায়।
পাকিস্তানের আয়োজক হওয়ার বিষয়টি অবশ্য চূড়ান্ত হয়েছিল ২০১৯ সালে নেপালের কাঠমাণ্ডু-পোখারায় ত্রয়োদশ এসএ গেমসের পর। নিয়ম অনুযায়ী দুই বছর পর পর দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ক্রীড়া আসর হওয়ার কথা থাকায় পাকিস্তানে আসরটি শুরুর কথা ছিল ২০২১ সালে। করোনাভাইরাস মহামারির কারণে তা পিছিয়ে যায় ২০২৩ সালে।
এরপর নানা জটিলতায় বারবার পিছিয়েছে এসএ গেমস। সবশেষ এ বছর ২৩ জানুয়ারি শুরু হয়ে ৩১ জানুয়ারি শেষ হওয়ার কথা ছিল আসরটি, কিন্তু তাও হয়নি।
পাকিস্তান আসরটি আয়োজন করতে পারবে কিনা, তা নিয়ে আলোচনা হয় গত সোমবার; অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (ওসিএ) এর ৪৬তম সাধারণ পরিষদের সভার মধ্যে হওয়া সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভায়। সেখানে পাকিস্তান আগামী বছর আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করলে সবাই সম্মতি দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়দুর রহমান রানা।
“২০১৯ সাল থেকে এসএ গেমসের জন্য অপেক্ষা করতে করতে সদস্য দেশগুলো আপসেট হয়ে পড়ছিল। এমতাবস্থায় উজবেকিস্তানের তাশকান্দে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (ওসিএ) এর ৪৬তম সাধারণ পরিষদের সভার পাশাপাশি সাউথ এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয় এসএ গেমস নিয়ে। সেখানে সবাই পাকিস্তানের কাছে জানতে চেয়েছিল, তারা আসরটি আয়োজন করতে পারবে কিনা।”
“এসএ গেমসের চতুর্দশ আসর শুরুর দিনক্ষণ এ নিয়ে তিনবার বদল হয়েছে। পাকিস্তান এবার তাদের অলিম্পিক অ্যাসোসিয়েশন, ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে এসেছিল। তারা আত্মবিশ্বাস নিয়ে জানিয়েছে, আগামী বছর আয়োজন করতে পারবে। তখন সবাই সম্মতি দিয়েছে।”
২০১৯ সালের আসরে বাংলাদেশ ১৯টি সোনা, ৩২টি রুপা জিতেছিল। তবে দফায় দফায় পাকিস্তানের আসর শুরুর ক্ষণ পেছালেও বাংলাদেশের প্রস্তুতিতে কমতি থাকবে না বলে জানালেন বিওএ মহাসচিব।
“পাকিস্তানের আসরের আগে আমাদের বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতা থাকবে। সেখানে বয়সভিত্তিক ইভেন্টে অংশ নেওয়ার জন্য অ্যাথলেটরা অনুশীলনের মধ্যে থাকবে। এ কারণে প্রস্তুতির কমতি হবে না আশা করি।”