১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘১ সেন্টিমিটার জায়গা পেলেও গোল করবে রোনালদো’

উজবেকিস্তান কোচ ফাবিও কান্নাভারো মনে করেন, আরও অনেক বছর ফুটবল খেলে যেতে পারবেন পর্তুগিজ মহাতারকা।

‘১ সেন্টিমিটার জায়গা পেলেও গোল করবে রোনালদো’
পর্তুগিজ গ্রেট ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2026, 12:53 PM

Updated : 11 Sep 2026, 03:29 PM

ডিআর কঙ্গোর বিপক্ষে নিষ্প্রভ পারফরম‍্যান্সের পরও ক্রিশ্চিয়ানো রোনালদোর সামর্থ‍্য নিয়ে মুহূর্তের জন‍্যও সংশয় জাগেনি ফাবিও কান্নাভারোর। উজবেকিস্তান কোচ শঙ্কায় ছিলেন, একটু জায়গা পেলেই জাল খুঁজে নেবেন পর্তুগিজ তারকা। সেটাই হয়েছে, নবাগত দেশটির বিপক্ষে দুটি গোল করেছেন রোনালদো। 

হিউস্টনে মঙ্গলবার ‘কে’ গ্রুপের ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৫-০ গোলে হেরেছে উজবেকিস্তান। ম‍্যাচে জোড়া গোল করেছেন রোনালদো।

প্রথম খেলোয়াড় হিসেবে ছয় আসরে গোল করলেন ৪১ বছর বয়সী ফরোয়ার্ড। পর্তুগিজ গ্রেট ইউসেবিওকে পেছনে ফেলে বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ গোলের কীর্তি গড়লেন তিনি। 

২০০৬ সালে ইতালির হয়ে বিশ্বকাপ জেতেন কান্নাভারো, সেই আসরে বিশ্ব মঞ্চে অভিষেক হয় রোনালদোর। এরপর থেকে কেবল সামনের দিকেই ছুটে চলেছেন তিনি। তাকে জায়গা দিতে খেলোয়াড়দের মানা করেছিলেন উজবেকিস্তান কোচ কান্নাভারো।

“আপনি যখন রোনালদোর বিপক্ষে খেলবেন, আপনি তার জন‍্য কোনো জায়গা রাখতে পারবেন না। যদি আপনি তাকে এক সেন্টিমিটার জায়গাও দেন, সে গোল করবে।”

“পর্তুগালের খেলোয়াড়রা তার জন‍্য খেলে, তারা তাকে বল দেয়। ডিফেন্ডার হিসেবে তার কাছে থাকতে হলে আপনাকে স্মার্ট হতে হবে। সে খুব ভালো এক পেশাদার। ম‍্যাচ শেষে তাকে আমি বলেছি, আরও অনেক বছর খেলতে পারবে। তাকে খেলা উপভোগ করে যাওয়ার কথা বলেছি।”  

বিশ্বকাপ অভিষেকে নিজেদের প্রথম দুই ম‍্যাচেই হেরেছে উজবেকিস্তান। বাংলাদেশ সময় আগামী রোববার ভোরে ডিআর কঙ্গোর মুখোমুখি হবে তারা। একই সময়ে কলম্বিয়ার বিপক্ষে খেলবে পর্তুগাল।