বিশ্বকাপের বাকি ২৩ দিন: ৩০ সেকেন্ডেই গোল!
বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।
আর ২৩ দিন পরেই পর্দা উঠবে বিশ্বকাপের উত্তর আমেরিকা আসরের। বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।
এই ধারাবাহিকতায় আজ ফিরে দেখা যাক বিশ্বকাপের ইউরোপের বাইরের ফুটবলারদের মধ্যে দ্রুততম গোলে।
২০১৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে ঘানার বিপক্ষে ম্যাচের ৩০ সেকেন্ডেই জালে বল পাঠান ক্লিন্ট ডেম্পসি। সতীর্থের পাস ধরে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে, একজনকে কাটিয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম ফুটবলার হিসেবে তিন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েন ডেম্পসি। ম্যাচটি ২-১ গোলে জিতেছিল তারা।
বিশ্বকাপের ইতিহাসে সেটাই এখন পর্যন্ত ইউরোপের বাইরের ফুটবলারদের মধ্যে দ্রুততম গোলের রেকর্ড।
ফুটবলের সর্বোচ্চ মঞ্চে এর চেয়ে দ্রুত গোলের রেকর্ড আছে চারটি; ১৯৮২ আসরে ফ্রান্সের বিপক্ষে ইংল্যান্ডের ব্রায়ান রবসনের ২৮ সেকেন্ডে, ১৯৩৪ আসরে অস্ট্রিয়ার বিপক্ষে জার্মানির আর্নেস্ট লেনারের ২৫ সেকেন্ডে, ১৯৬২ আসরে মেক্সিকোর বিপক্ষে চেকোস্লোভাকিয়ার ভাচলাভ মাসেকের ১৫ সেকেন্ডে ও ২০০২ আসরে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তুরস্কের হাকান সুকুরের ১১ সেকেন্ডের গোল।
