২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লিভারপুলে এটা হতে পারে আমার শেষ মৌসুম’

৩২ বছর বয়সী মোহামেদ সালাহর কথায় যেন একটু অভিমানের ছোঁয়াও ফুটে উঠল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2024, 12:34 AM

Updated : 10 Sep 2026, 12:16 PM

মৌসুমে দারুণ শুরুর ধারাবাহিকতায় হাইভোল্টেজ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন মোহামেদ সালাহ। ম্যানচেস্টার ইউনাইটেডকে গুঁড়িয়ে দেওয়ার পথে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তাও করলেন লিভারপুল তারকা। অসাধারণ এই জয়ের পর সবাইকে হতবাক করে দিয়ে তিনি বললেন, আগামী মৌসুমে এই ঠিকানায় তাকে নাও দেখা যেতে পারে।

প্রিমিয়ার লিগে রোববার লিভারপুলের ৩-০ গোলে জয়ের ম্যাচে প্রথমার্ধে লুইস দিয়াসের দুটি গোলে অ্যাসিস্ট করেন সালাহ, পরে দ্বিতীয়ার্ধে নিজেই দলের শেষ গোলটি করেন তিনি।

ওল্ড ট্র্যাফোর্ডে দাপুটে এই জয়ের পর স্কাই স্পোর্টসকে নিজের ভবিষ্যৎ ভাবনা জানান মিশরের স্ট্রাইকার।

“খুব ভালো একটা গ্রীষ্ম কেটেছে আমার, লম্বা একটা সময় ধরে নিজেকে নিয়ে এবং ইতিবাচকভাবে ভাবতে পেরেছি। আপনারা জানেন, এই ক্লাবে এটাই আমার শেষ বছর।”

“আমি শুধু সময়টা উপভোগ করতে চাই। এসব নিয়ে ভাবতে চাই না…মনে হচ্ছে, আমার ফুটবল খেলায় কোনো বাধা নেই এবং আগামী বছর কী হয়, দেখা যাবে।”

পরক্ষণে ৩২ বছর বয়সী সালাহর কথায় যেন একটু অভিমানের ছোঁয়াও ফুটে উঠল।

“ক্লাবের কেউ এখনও আমার সঙ্গে চুক্তি নিয়ে কথা বলেনি। তাহলে ঠিক আছে, আমি এখানে আমার শেষ মৌসুম খেলব এবং মৌসুম শেষে দেখা যাবে, কী হয়। বিষয়টা আমার ওপর নির্ভর করছে না।”

এবারের লিগে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে প্রতিটিতেই জালের দেখা পেয়েছেন সালাহ। তার দলও জিতেছে সবগুলো ম্যাচ। ম্যানচেস্টার সিটির সমান ৯ পয়েন্ট নিয়ে আছে লিগ টেবিলের দুইয়ে। 

২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর, ‘অল রেড’ খ্যাত দলটির হয়ে ৩৫২ ম্যাচ খেলে ২১৪টি গোল করেছেন সালাহ, সঙ্গে অ্যাসিস্ট করেছেন ৯২টি। একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগসহ জিতেছেন আরও কয়েকটি শিরোপা।

সুত্রের বরাত দিয়ে ইএসপিএন তাদের প্রতিবেদনে লিখেছে, সৌদি প্রো লিগের কয়েকটি ক্লাব সালাহকে পেতে আগ্রহী। তবে, এ নিয়ে বেশি কিছু জানায়নি সংবাদমাধ্যমটি। 

সালাহ ছাড়াও, চলতি মৌসুম দিয়ে লিভারপুলে চুক্তি শেষ হবে আরও দুই খেলোয়াড়ের; ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক এবং লিভারপুলের একাডেমি থেকে উঠে আসা ইংলিশ ফুটবলার ২৫ বছর বয়সী ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার আর্নল্ড। চুক্তি নবায়ন না হলে, তিনজনই চলতি মৌসুম শেষে অ্যানফিল্ড ছেড়ে যাবেন।