১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাতীয় দলকে বিদায় বললেন মানে

আগামীতেও দেশের ফুটবলে অবদান রাখতে চান তারকা এই ফরোয়ার্ড, ভিন্নভাবে।

জাতীয় দলকে বিদায় বললেন মানে
সেনেগালের সাবেক অধিনায়ক সাদিও মানে। ছবি: রয়রটার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2026, 08:13 PM

Updated : 11 Sep 2026, 03:37 PM

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সেনেগাল অধিনায়ক সাদিও মানে। 

তার বিদায়ের খবরটি জানিয়েছে সেনেগালের সংবাদমাধ্যম লে কোতদিয়ান। ৩৪ বছর বয়সী এই ফুটবলার জাতীয় দলের হয়ে ১৪ বছরে খেলেছেন ১৩২ ম্যাচ।

২০১২ সালে অভিষেকের পর জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন তিনি। উত্তর আমেরিকা বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন দলকে। শেষ বত্রিশের লড়াইয়ে বেলজিয়ামের বিপক্ষে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় তারা। 

দল বাদ পড়ার এক সপ্তাহ পর, শুক্রবার এলো তার বিদায়ের ঘোষণা।

লে কোতদিয়ানকে দেওয়া আবেগঘন এক বার্তায় মানে সেনেগালকে প্রতিনিধিত্ব করার দিনগুলোর কথা স্মরণ করেছেন। পাশাপাশি ক্যারিয়ারজুড়ে সমর্থকরা সমর্থন দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

“আমি এই পতাকার জন্য সবরকম ত্যাগ স্বীকার করেছি। নিজের সেরাটা দিয়েছি এবং দেশের জন্য নিজেকে উজাড় করে দিয়ে লড়েছি। আপনাদের সমর্থনই ছিল আমার সাফল্যের চাবিকাঠি।

“আগামী দিনে দেশের জন্য নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে খুশি হবো- টেকনিক্যাল স্টাফ, কোচিং প্যানেলের সদস্য বা পরিচালনা পর্ষদের সদস্য, যেভাবেই হোক।”

সাবেক এই লিভারপুল ও বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড সেনেগালের হয়ে ২০২১ সালে জিতেছেন আফ্রিকান নেশন্স কাপ। জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ৫৫ গোল করার পথে তিনি খেলেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১৩২ ম্যাচ।

দেশকে একটি শীর্ষ পর্যায়ের শিরোপা এনে দেওয়া মানে ক্লাব ক্যারিয়ারে পেয়েছেন দারুণ সব সাফল্য। বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে খেলা এই ফুটবলার লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি বায়ার্ন মিউনিখের হয়ে জিতেছেন বুন্ডেসলিগা।