Published : 03 Sep 2026, 08:29 PM
বার্সেলোনার সঙ্গে সাড়ে চার বছরের সম্পর্ক চুকেবুকে গেছে। ফেররান তরেসের নতুন ঠিকানা এখন পিএসজি। তবে আগামী মাসেই সাবেক ক্লাবের মুখোমুখি হতে হবে তাকে। স্পেনের বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড বলছেন, তার জন্য বিশেষ এক ম্যাচ হবে এটি।
এবারের বিশ্বকাপ ফাইনালে স্পেনের জয়সূচক গোল করা তরেস গত মাসে পাঁচ বছরের চুক্তিতে যোগ দেন পিএসজিতে। নতুন ক্লাবে সাবেক জাতীয় দলের কোচ লুইস এনরিকের সঙ্গে আবারও কাজ করার সুযোগ পেয়েছেন তিনি।
পিএসজির হয়ে এরই মধ্যে দুটি ম্যাচ খেলেছেন তরেস। ২৬ বছর বয়সী তারকা বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, প্যারিসে সময়টা তিনি উপভোগ করছেন। এই দলবদলের সিদ্ধান্তের পেছনে এনরিকের যে বড় ভূমিকা আছে, তাও অকপটে বলেন তিনি।
“সত্যি বলতে, সবকিছু খুব ভালোই চলছে। এখনও আমার সতীর্থদের সঙ্গে মানিয়ে নিচ্ছি, আর এখানে আমার আসার পেছনে লুইস এনরিকে ও লুইস কাম্পোস (পিএসজির ক্রীড়া পরিচালক), দুজনেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা আমার ওপর যে আস্থা দেখিয়েছেন, তার জন্য আমি খুবই কৃতজ্ঞ।”
পিএসজির সঙ্গে কখন যোগাযোগ শুরু হয়েছিল, সেটিও জানালেন তরেস।
“বিশ্বকাপেরও আগে যোগাযোগ শুরু হয়। তারা আমাদের ফোন করেছিল এবং আমরা কথা বলছিলাম। যখন আমাদের কথা হয়, ততক্ষণে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম, কারণ আমি পিএসজির মতো একটি ক্লাবের হয়ে খেলতে চেয়েছি।”
চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে অক্টোবরে ঘরের মাঠে বার্সেলোনার মুখোমুখি হবে টানা দুইবারের চ্যাম্পিয়ন পিএসজি। তরেসের জন্য ম্যাচটি বিশেষ উপলক্ষ।
“বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি স্পেশাল হবে। তারা (বার্সেলোনার খেলোয়াড়রা) সাড়ে চার বছর আমার সতীর্থ ছিল। আমার ও দলের জন্য রোমাঞ্চকর ম্যাচ হতে যাচ্ছে। পিএসজি-বার্সেলোনা ম্যাচগুলো সবসময়ই স্পেশাল। আমরা জেতার চেষ্টা করব, তবে দেখা যাক।
“পিএসজি বর্তমানে ইউরোপের সেরা দল। তারা গত দুটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। আর এটা আমাদের প্রতিদ্বন্দ্বীদের ওপর আরও চাপ সৃষ্টি করে। আমাদের উন্নতি করতে হবে। আমরা টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতার চেষ্টা করব।”