হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে ভালেন্তিন কার্বোনির
জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সময় বাঁ হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন তিনি।
আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলনের সময় পাওয়া চোট কাল হয়েছে ভালেন্তিন কার্বোনির জন্য। বাঁ হাঁটুর লিগামেন্টে গুরুতর আঘাত পেয়েছেন তিনি। এখন অস্ত্রোপচার করাতে হবে অ্যাটাকিং এই মিডফিল্ডারের।
১৯ বছর বয়সী কার্বোনির শিগগিরই শল্যবিদের ছুরিকাঁচির নিচে যেতে হবে বলে শুক্রবার জানায় তার ক্লাব মার্সেই।
চলতি মৌসুমে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান থেকে ধারে ফরাসি ক্লাব মার্সেইয়ে যোগ দেন কার্বোনি। হাঁটুর চোটে চলতি মাসে বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচ দুটি থেকে তার ছিটকে পড়ার কথা বৃহস্পতিবার নিশ্চিত করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসসিয়েশন।
ওইদিন ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ ড্র করে বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী বুধবার বলিভিয়ার মুখোমুখি হবে তারা।
কার্বোনির দ্রুত সুস্থতা কামনা করে মার্সেই তাদের বিবৃতিতে বলেছে, “দ্রুতই এই খেলোয়াড়ের (কার্বোনি) অস্ত্রোপচার করানো হবে এবং যথাযথ চিকিৎসা প্রোটোকল অনুসরণ করা হবে।”
গত মার্চে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় কার্বোনির। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। মার্সেইয়ের জার্সিতে লিগ আঁতে ৪ ম্যাচ মাঠে নেমেছেন এই মিডফিল্ডার।
