২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরিনিয়োর চোখে রেয়াল মাদ্রিদ এখন ‘আহত সিংহ’

প্লে-অফে মুখোমুখি হওয়ার আগে বেনফিকা কোচ জোসে মরিনিয়ো টেনে আনলেন রেয়াল মাদ্রিদের লিগ পর্বের সেই হারের প্রসঙ্গ।

মরিনিয়োর চোখে রেয়াল মাদ্রিদ এখন ‘আহত সিংহ’
মাসখানেকের পুরনো ক্ষতে প্রলেপ দিতে নামবে রেয়াল মাদ্রিদ। ছবি: রেয়াল মাদ্রিদ এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2026, 09:17 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

এক মাসের ব্যবধানে লিসবনেই ফের মুখোমুখি হওয়ার অপেক্ষায় রেয়াল মাদ্রিদ ও বেনফিকা। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্লে-অফের প্রথম লেগের আগে ঘুরেফিরে আসছে দুই দলের গত জানুয়ারির সেই ম্যাচ। যেখানে হারের তেতো স্বাদ পেয়েছিল মাদ্রিদের দলটি। সেই স্মৃতি আওড়ে বেনফিকা কোচ জোসে মরিনিয়ো বললেন, রেয়াল এবার আহত সিংহ হয়ে এসেছে তাদের ডেরায়।

লিগ পর্বের দেখায় বেনফিকার বিপক্ষে ৪-২ গোলে হেরেছিল রেয়াল। প্রতিযোগিতার রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা ওই হারে তৃতীয় স্থান থেকে এক ঝটকায় নেমে গিয়েছিল নবম স্থানে। তাতে সরাসরি নকআউট পর্বে ওঠা হয়নি তাদের। 

প্লে-অফে সুযোগ থাকছে দুই দলের সামনেই। প্রথম লেগ নিজেদের মাঠে হলেও, আরও বিপজ্জনক হয়ে ওঠা প্রতিপক্ষকে নিয়ে মরিনিয়ো আরও বেশি সতর্ক। 

“তারা(রেয়াল) আহত। আর আহত সিংহ ভয়ঙ্কর।”

“আমরা প্রথম লেগে খেলব বুদ্ধি, উচ্চাশা ও আত্মবিশ্বাস নিয়ে। আমরা জানি চ্যাম্পিয়ন্স লিগের রাজার বিপক্ষে কী করেছি (লিগ পর্বের ম্যাচে)।”

লিগ পর্বের সেই ম্যাচে সবচেয়ে আকর্ষণীয় গল্পটা লিখেছিলেন বেনফিকার গোলকিপার আনাতোলি ত্রুবিন। শেষ মুহূর্তে তার সফল হেডেই ব্যবধান বড় করে ২৪তম স্থানে জায়গা করে নিয়েছিল পর্তুগিজ ক্লাবটি। 

আট ম্যাচে তিন জয়ে বেনফিকার পয়েন্ট দাঁড়িয়েছিল ৯। তাদের নিচের আরও তিনটি দলের পয়েন্ট ছিল সমান; কিন্তু গোল ব্যবধানে এগিয়ে টিকে যায় মরিনিয়োর দল। আসছে ম্যাচে অবশ্য ত্রুবিনের মূল দায়িত্ব পোস্টেই থাকবেন, একটু যেন মজা করে কথাটি বললেন বেনফিকা কোচ। 

“এবারের ম্যাচে নিংসন্দেহে ভীষণ কঠিন হবে। ত্রুবিন লুজ স্টেডিয়ামে আক্রমণে থাকবে না। আমি এ ধরণের দ্বৈরথে খুবই অভ্যস্ত।”

“এসব আমি আমার সারাজীবন ধরেই করেছি। মানুষ মনে করে, যে কারণেই হোক প্রথম লেগে নির্দিষ্ট একটা ফল প্রয়োজন, কিন্তু আমি বলি, (প্রথম লেগেই ব্যবধান গড়ে দেওয়ার মতো) নিশ্চিত ফল বলে কিছু নেই।”

নিজেদের লিগে অবস্থানের তুলনায় ভালো অবস্থানে আছে রেয়াল। লা লিগার টেবিলে শীর্ষে আছে আলভারো আরবেলোয়ার দল। আর পর্তুগালের প্রিমেরা লিগে তৃতীয় স্থানে আছে মরিনিয়োর বেনফিকা।