এখন আবার শীর্ষ আটের ছবি আঁকছেন আনচেলত্তি
ম্যাচের আগে শীর্ষ আটে থাকার আশা ছেড়ে দেওয়ার কথা বললেও আতালান্তাকে হারানোর পর আবার আশাবাদী হয়ে উঠেছেন রেয়াল মাদ্রিদ কোচ।
দারুণ এক জয়ে বদলে গেল কার্লো আনচেলত্তির মনের ছবি। ম্যাচের আগে তার কণ্ঠ ছিল ম্রিয়মান। ভাবনায় ছিল না শীর্ষ আটে থাকা। কিন্তু আতালান্তাকে হারানোর পর কণ্ঠে যেমন ফিরে এলো জোর, তেমনি মনোভাবেও এলো পরিবর্তন। রেয়াল মাদ্রিদ কোচের কথায় ইঙ্গিত, শীর্ষ আটে থাকার আশা এখনও ছাড়েননি তিনি।
এই ম্যাচের আগে চ্যাম্পিয়ন্স লিগে বেশ ধুঁকছিল রেয়াল মাদ্রিদ। পাঁচ ম্যাচে দুই জয় আর তিন পরাজয়ে পয়েন্ট তালিকায় তারা ছিল ২৪ নম্বরে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, প্লেঅফ খেলে পরের ধাপে যেতে হবে বলে তারা একরকম মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন।
আতালান্তার বিপক্ষে ম্যাচ নিয়েও কিছুটা দুর্ভাবনা নিশ্চয়ই তার ছিল। এই মৌসুমে দুর্দান্ত ফর্মে আছে দলটি। সেরি আ-তে পয়েন্ট তালিকায় তারা আছে শীর্ষে। চ্যাম্পিয়ন্স লিগে তারা তখন ছিল পাঁচে। এই ম্যাচের আগে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যচ জিতেছিল তারা। সাম্প্রতিক অবস্থার বিচারে ঘরের মাঠে এই ম্যাচে খানিকটা ফেভারিট ছিল হয়তো আতালান্তাই।
কিন্তু রেয়াল মাঠে নেমে আরও একবার চিনিয়ে দিল নিজেদের। আক্রমণাত্মক ফুটবলের রোমাঞ্চকর ম্যাচে ৩-২ গোলে জয় আদায় করে নিল টুর্নামেন্টে ইতিহাসের সফলতম দলটি।
দলের জয়ে দারুণ খুশি আনচেলত্তি। এই ম্যাচে তার দল সেরা চেহারায় ছিল বলেও দারুণ তৃপ্ত রেয়াল কোচ।
“খুব কঠিন ম্যাচ ছিল, জয়টাও তাই খুব গুরুত্বপূর্ণ। এখানে এসে সবাই জিততে পারে না। নিজেদের সেরা সংস্করণ দেখাতে পেরেছি আমরা। ভুগতে হয়েছে, তবে হাল ছাড়িনি এবং লড়াই করেছি। শেষ পর্যন্ত সব কিছু ভালোভাবে হয়েছে। এখানে এসে জেতাটা সহজ নয়।”
ম্যাচের দশম মিনিটেই কিলিয়ান এমবাপের গোল এগিয়ে দেয় রেয়াল মাদ্রিদকে। তবে প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরে আতালান্তা।
৫৬তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের গোলে আবার এগিয়ে যায় রেয়াল। তিন মিনিট পর ব্যবধান আরও বাড়ান জুড বেলিংহ্যাম। কিন্তু আতালান্তা লড়াইয়ে ক্ষান্তি দেয়নি। ৬৫তম মিনিটে একটি গোল শোধ করে দেয় তারা। আক্রমণের পর আক্রমণও চালায় ইতালিয়ান দলটি। তবে রেয়ালের রক্ষণে আর ফাটল ধরাতে পারেনি তারা।
জয়টা এভাবে এসেছে বলে দলের আত্মবিশ্বাস বেশি বাড়বে, মনে করেন আনচেলত্তি।
“হ্যাঁ, ভুগতে তো হয়েছেই। চ্যাম্পিয়ন্স লিগে সহজ বলে কিছু নেই। তারা আমাদেরকে চাপে ফেলেছে। তবে দুই অর্ধেই শুরুটা আমরা ভালো করেছি। খুবই খুশি আমরা। শুধু তিন পয়েন্টের জন্যই নয়, এই জয় আমাদের আত্মবিশ্বাস পোক্ত করার জন্যও খুব জরুরি ছিল।”
৩৬ দলের আসরে শীর্ষ আট দল সরাসরি যাবে শেষ ষোলোয়। নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলি দুই লেগের প্লেঅফ খেলবে শেষ ষোলোর বাকি আট দলের মধ্যে জায়গা করে নিতে।
ম্যাচের আগে আনচেলত্তি বলেছিলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, বাড়তি একটি রাউন্ড খেলতে হবে আমাদের (প্লে অফ)। তবে সমস্যা নেই। দলের ওপর আমার বিশ্বাস প্রবল।” কিন্তু আতালান্তাকে হারানোর পর শীর্ষ আট নিয়ে বদলে গেলে রেয়াল কোচের সুর।
“শীর্ষ আটে থাকাটা এখনও অনেক জটিল। তবে আরও দুটি ম্যাচ বাকি আছে। দুই ম্যাচে পূর্ণ পয়েন্ট আমরা পেতে পারি, এরপর দেখা যাবে কী হয়। এই জয় আমাদেরকে আরও ইতিবাচক হতে সহায়তা করবে।”
