‘পুরোনো ম্যানচেস্টার সিটিকে এই মৌসুমে আর দেখা যাবে না’
তবে তরুণ ও নতুনদের নিয়ে আগামী মৌসুমেই দলকে কক্ষপথে ফেরানোর প্রতিশ্রুতি দিলেন সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।
ফুটবলে কত দ্রুতই না সবকিছু বদলে যায়! যে ম্যানচেস্টার সিটি হয়ে উঠেছিল অপ্রতিরোধ্য, তাদেরই আজ ভঙ্গুর দশা। ব্যর্থতায় ঠাসা যাত্রার মাঝে গত মাসে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে দলের দাপুটে পারফরম্যান্সে আশা দেখেছিলেন কোচ পেপ গুয়ার্দিওলা। দিয়েছিলেন হুঙ্কারও। মাস দেড়েক না যেতেই বাস্তবতা অনুধাবন করে এবার তিনি বললেন, পুরোনো ম্যানচেস্টার সিটিকে এই মৌসুমে দেখা যাবে না।
টানা পঞ্চমবারের মতো প্রিমিয়ার লিগ জয়ের অভিযানে এবারও শুরুটা বেশ ভালো করেছিল সিটি। প্রথম ৯ রাউন্ডের সাতটিতে জিতেছিল তারা, অন্য দুটি ড্র। এরপর পথ হারায় তারা, হেরে বসে টানা চার ম্যাচে।
মাঝেমধ্যে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছে বটে; কিন্তু শেষ পর্যন্ত সেটা আর বাস্তব রূপ নেয়নি।
প্রিমিয়ার লিগে বুধবারের আগের তিন রাউন্ডের দুটিতে সিটি যেমন হারের স্বাদ পায় আর্সেনাল ও লিভারপুলের বিপক্ষে। ওই দুই পরাজয়ের মাঝে নিউক্যাসলের বিপক্ষে ঘরের মাঠে হঠাৎ করেই যেন পুরোনো খুনে রূপে আবির্ভূত হয় সিটি। ৪-০ গোলে জয়ের পর গুয়ার্দিওলা আত্মবিশ্বাসী কণ্ঠে হুঙ্কার দেন, ‘ফিরে এসেছে ম্যানচেস্টার সিটি।’
কিন্তু সেটা যে কেবলই একটা ঝলকানি ছিল, প্রমাণ মিলতে দেরি হয়নি। ওই জয়ের আগে-পরে রেয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় তারা।
মাসের শেষে এসে অবশেষে একটু স্বস্তির হাওয়া লেগেছে দলটিতে। চোট কাটিয়ে ফেরা আর্লিং হলান্ডের দ্বাদশ মিনিটে করা একমাত্র গোলে টটেনহ্যাম হটস্পারকে ১-০ ব্যবধানে হারিয়েছে তারা।
জয়টা অবশ্যই স্বস্তির, আনন্দেরও। কিন্তু এই ম্যাচের পারফরম্যান্সেই চোখে পড়ে তাদের অধারাবাহিকতার প্রতিচ্ছবি। প্রথমার্ধে একচেটিয়া চাপ ধরে রেখে বিরতির আগেই ম্যাচের ফল নিশ্চিত করার মতো দারুণ কয়েকটি সুযোগ পায় দলটি; কিন্তু কাজে লাগাতে পারেনি আর কোনোটি। বিরতির পর উল্টো চাপে পড়ে যায় তারা, প্রতিপক্ষের আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে। তখন তাদের যেন চেনাই যাচ্ছিল না।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে গুয়ার্দিওলার দিকে প্রশ্ন ছুটে গেল, তাদের প্রথমার্ধের পারফরম্যান্সটা কি পুরোনো ম্যানচেস্টার সিটির মতো। উত্তরে গুয়ার্দিওলা মাথা নেড়ে বললেন, “এই মৌসুমে সেটা আর হবে না, পুরোনো সিটি দেখা যাবে না। পুরোনো সিটি খুব বেশিই ভালো দল ছিল। তবে আমরা ফিরে আসব।”
“আমাদের এখনকার দলটা তরুণ, বেশ তরুণ। আক্রমণের তিন জন ভবিষ্যতের, রদ্রি যখন ফিরবে, নিকো গনসালেস হবে ভবিষ্যতের সম্পদ। এবং অবশ্যই আব্দুখোদির কুজানভ, তাকে আজ আপনারা দেখেছেন। ইয়োশকো ভার্দিওলও তরুণ, সুতরাং কিছু জায়গা আছে (আশাবাদী হওয়ার)। তবে বের্নার্দো (সিলভা), ইলকাই (গিনদোয়ান), কেভিন ডে ব্রুইনেরাও আছে- দলের জন্য তারাও গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, প্রশ্নটা এখন সময়ের।”
টটেনহ্যামের বিপক্ষে জয়ের পর লিগ টেবিলে তৃতীয় স্থানের দলের সঙ্গে ব্যবধান কমিয়েছে সিটি, ২৭ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে তারা। আর তিন নম্বরে নটিংহ্যাম ফরেস্টের পয়েন্ট ৪৮। তবে শিরোপা লড়াইয়ে তাদের সম্ভাবনা অনেক আগেই শেষ হয়ে গেছে। সিটির চেয়ে ২০ পয়েন্ট বেশি নিয়ে চূড়ায় লিভারপুল, এক ম্যাচ বেশি খেলে।
বাস্তবিক অর্থে চলতি মৌসুমে একমাত্র এফএ কাপের শিরোপা লড়াইয়ে টিকে আছে সিটি। তবে আপাতত সেসব নিয়ে ভাবতে চাইছেন না গুয়ার্দিওলা। দলের তরুণ খেলোয়াড় ও নতুনদের নিয়ে আগামীর জন্য দল গোছানোয় পূর্ণ মনোযোগ অনেক সাফল্যের কাণ্ডারি এই স্প্যানিশ কোচ।
“এই মৌসুম আমরা দেখেছি, ক্লাবের তরুণ খেলোয়াড় এবং দলে আসা নতুনরা… এই খেলোয়াড়রা আগামী কয়েক বছরে দলকে নেতৃত্ব দেবে।”
