১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আফ্রিকান কনফেডারেশনের বিরুদ্ধে ‘দুর্নীতির’ অভিযোগ সেনেগাল সরকারের

আফ্রিকা কাপ অব নেশন্সের শিরোপা সেনেগালের কাছ থেকে কেড়ে নেওয়ার পর এই অভিযোগ তুলেছে দেশটির সরকার।

আফ্রিকান কনফেডারেশনের বিরুদ্ধে ‘দুর্নীতির’ অভিযোগ সেনেগাল সরকারের
সেনেগালের শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে দেওয়া হয়েছে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2026, 08:40 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

আফ্রিকা কাপ অব নেশন্সের শিরোপা সেনেগালের কাছ থেকে কেড়ে নেওয়ার সিদ্ধান্তকে ‘চরম বেআইনি’ বলে উল্লেখ করেছে দেশটির সরকার। এই ঘটনায় কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলে (সিএএফ) ‘সন্দেহজনক দুর্নীতির’ বিষয়ে ‘স্বাধীন আন্তর্জাতিক তদন্তের’ আহ্বান জানিয়েছে তারা।

মরক্কোর রাজধানী রাবাতে গত ১৮ জানুয়ারির ফাইনালে স্বাগতিকদের ১-০ গোলে হারায় সেনেগাল। ঘটনাবহুল ওই ম্যাচের এক পর্যায়ে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে মাঠ ছেড়ে চলে যায় তারা। ওই ঘটনার প্রেক্ষিতেই ফল বাতিলের জন্য আপিল করে মরক্কো। তাদের সেই আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে সিএএফ।

সিএএফের দেওয়া বিবৃতিতে বলা হয়, সেনেগাল ‘ফাইনাল ম্যাচ বর্জন করেছে’ এবং ম্যাচের ফল ‘মরক্কোর পক্ষে ৩-০ জয়’ হিসেবে গণ্য হবে।

পরদিন এক বিবৃতিতে সেনেগাল সরকার বলেছে, এই ‘অভূতপূর্ব ও অত্যন্ত গুরুতর সিদ্ধান্তটি বিধিমালার সুস্পষ্ট ভ্রান্ত ব্যাখ্যার’ ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে, যার ফলে একটি ‘চরম বেআইনি ও অন্যায্য’ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, শিরোপা কেড়ে নেওয়ার ‘এই অযৌক্তিক প্রচেষ্টাকে সেনেগাল দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে।’

এদিন এর আগে সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ) জানায়, তারা সিদ্ধান্তটির বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করবে। ফাইনালের দুই মাস পর এভাবে ফল বদলানোকে ‘অন্যায্য, নজিরবিহীন ও অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছে তারা।

সেনেগালের কয়েকজন খেলোয়াড় জানিয়েছেন, তাদের বিজয়ী পদক তারা হস্তান্তর করবেন না।

সেনেগাল ও এভারটনের মিডফিল্ডার ইদ্রিসা গেয়ি সামাজিক মাধ্যমে লিখেছেন, “রাবাতে সেই সন্ধ্যায় আমরা কী অভিজ্ঞতা অর্জন করেছিলাম, তা আমরা জানি। কেউ আমাদের কাছ থেকে তা কেড়ে নিতে পারবে না।”