বিশ্বকাপ বাছাই
Published : 23 Mar 2025, 07:58 PM
আলিসন ও এদেরসনের উপস্থিতিতে ব্রাজিল দলে কখনও নিজের জায়গা পাকা মনে হয়নি বেন্তোর। প্রিমিয়ার লিগে খেলা দুই অভিজ্ঞ গোলরক্ষক আপাতত মাঠের বাইরে থাকায় বেন্তো, ওয়েভের্তন ও লুকাস পেহির মধ্যে কোনো একজন আর্জেন্টিনার বিপক্ষে থাকবেন পোস্টে। ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার সম্ভাবনায় রোমাঞ্চিত বেন্তো।
গত বছর মার্চে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় বেন্তোর। ২৫ বছর বয়সী গোলরক্ষক ইংল্যান্ডের বিপক্ষে খেলেন ওয়েম্বলিতে, স্পেনের বিপক্ষে সান্তিয়াগো বের্নাবেউয়ে।
কলম্বিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে আলিসন মাথায় চোট পেয়ে মাঠ ছাড়ার পর বাকি সময়টায় পোস্ট সামলান বেন্তো। ব্রাসিলিয়ায় এক সংবাদ সম্মেলনে আল নাস্রে খেলা এই গোলরক্ষক জানান, ক্যারিয়ারে প্রথমবার সেদিন কোনো ম্যাচে বেঞ্চ থেকে মাঠে নামেন তিনি। এবার প্রথমবারের মতো আর্জেন্টিনার বিপক্ষে খেলার অপেক্ষায় গুনছেন প্রহর।
“সব খেলোয়াড়ই খেলতে চায়, বিশেষ করে এমন ম্যাচে। শৈশবে সবাই ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচে খেলার স্বপ্ন দেখে, সম্ভবত সেটা মারাকানায়। তবে মনুমেন্তালও একটি ঐতিহাসিক স্টেডিয়াম।”
বাংলাদেশ সময় বুধবার সকালে সুপারক্লাসিকোতে মুখোমুখি হবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। সুযোগ পেলে এই ম্যাচে নিজের সামর্থ্য দেখাতে উন্মুখ বেন্তো।
“আমার মানসিকতা সবসময় একই রকম থাকে। নিজের কাজে আস্থা রাখি। সব সময়ই উন্নতির চেষ্টা করি। এটা হবে নিজের কাজ দেখানোর আরেকটি দারুণ সুযোগ, এবার একটি প্রতিযোগিতায়। ইংল্যান্ড ও স্পেন ছিল দুটি দারুণ প্রীতি ম্যাচ।”
“যদি পরের ম্যাচে আমাকে খেলার জন্য বেছে নেওয়া হয়, আশা করি নিজের কাজটা সম্ভাব্য সেরা উপায়ে করতে পারব। সবসময় যেমন শান্ত থাকি, সেভাবে থেকে। যদি সব ঠিকঠাক এগোয় তাহলে আরেকটি জয় উদযাপন করতে পারব।”
লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে ব্রাজিল। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।