১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

দি মারিয়ার চোখে, যেখানে রোনালদোর ধারেকাছে কেউ নেই

মেসি ও রোনালদোর মধ্যে তুলনার প্রসঙ্গে আগের কথাটাই নতুন করে বললেন আনহেল দি মারিয়া।

দি মারিয়ার চোখে, যেখানে রোনালদোর ধারেকাছে কেউ নেই
আনহেল দি মারিয়া ও ক্রিস্তিয়ানো রোনালদো (ডানে)। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2026, 05:04 PM

Updated : 26 Aug 2026, 02:48 PM

লিওনেল মেসির সঙ্গে অনেক বছর জাতীয় দলের ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন আনহেল দি মারিয়া। ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে মাতিয়েছেন ক্লাব ফুটবল। সময়ের দুই গ্রেট ফুটবলারকেই তাই খুব কাছ থেকে দেখার ও জানার সুযোগ পেয়েছেন দি মারিয়া। কে সেরার প্রশ্নে সরাসরি না হলেও, স্বদেশি তারকাকে তিনি ঠিকই এগিয়ে রাখলেন। তবে, পেশাদারিত্বের বিচারে রোনালদোর ধারেকাছে কাউকে দেখেন না তিনি। 

আন্তর্জাতিক ফুটবলকে আগেই বিদায় জানিয়েছেন দি মারিয়া। তবে ক্লাব ফুটবল এখনও চালিয়ে যাচ্ছেন তিনি, খেলছেন শৈশবের দল রোজারিও সেন্ত্রালে।

স্পেনের ক্রীড়া প্রত্রিকা এএস’কে দেওয়া সাক্ষাৎকারে বর্ণাঢ্য ক্যারিয়ারের নানা দিক ও সময় নিয়ে কথা বলেছেন দি মারিয়া। সেখানেই উঠে এসেছে মেসি ও রোনালদোকে নিয়ে তার ভাবনা।

২০১০ সালে বেনফিকা ছেড়ে রেয়াল মাদ্রিদে যোগ দেন দি মারিয়া। স্প্যানিশ ক্লাবটিতে আগে থেকেই ছিলেন রোনালদো। পরের চার মৌসুমে সেখানে একসঙ্গে মাঠ মাতান তারা। সেই সময় পর্তুগিজ তারকাকে যেভাবে দেখেছেন, যেমনটা দেখেছেন, জানালেন আর্জেন্টিনার হয়ে দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ জয়ী তারকা।

“পেশাদারিত্বের বিচারে ক্রিস সবার সেরা, অন্যদের চেয়ে অনেকটা এগিয়ে থেকেই সেরা। সে যতটা পরিশ্রম করে, তার নিজের মান ধরে রাখার যে সামর্থ্য ও প্রচেষ্টা, লিওর সঙ্গে প্রতিযোগিতায় সেরা হয়ে থাকতে তার ধারাবাহিক প্রচেষ্টা, সবকিছু সত্যিই প্রশংসনীয়। কিন্তু সে মেসির যুগে এসে পড়েছে, যা তার লক্ষ্যকে উল্লেখযোগ্যভাবে ব্যহত করেছে।”

“ক্রিস হলো পুরোটাই কঠোর পরিশ্রমের আর সবার সেরা হওয়ার প্রচেষ্টার ফল। কিন্তু ড্রেসিং রুমে আমার সঙ্গী মেসি পরে দেখিয়েছে যে, সেরাদের সেরা হওয়ার জন্য তার মধ্যে ইশ্বর দেওয়া উপহার আছে।”

মেসি ও রোনালদো মিলে দেড় দশকের বেশি সময় ক্লাব ফুটবল শাসন করেছে। আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ের নায়ক মেসি জিতেছেন আটটি ব্যালন দ’র। বর্ষসেরা ফুটবলারের এই পুরষ্কার পাঁচবার জিতেছেন পর্তুগালের ২০১৬ ইউরো জয়ী অধিনায়ক।

মেসির বয়স ৩৮ ছাড়িয়ে গেছে, রোনালদো আগামী মাসেই কাটবেন ৪১তম জন্মদিনের কেক; কিন্তু মাঠে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন দুজন। আগামী বিশ্বকাপেও পাদপ্রদীপের আলো থাকবে তাদের ঘিরে।