মাদ্রিদ ডার্বির আগে এমবাপে-ভিনিসিউসদের সতর্ক করে দিলেন আলোন্সো
নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইটা কঠিন হবে, বলছেন রেয়াল মাদ্রিদ কোচ।
মৌসুমের শুরুটা দুর্দান্ত হলেও আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ দেখছেন না রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে তাই দলকে সতর্ক করে দিলেন তিনি।
লা লিগায় শনিবার নগর প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবে রেয়াল। আতলেতিকোর মেত্রোপলিতানো স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া আটটায়।
এবার লিগে প্রথম ছয় ম্যাচের সবকটি জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রেয়াল। গোল হজম করেছে তারা মাত্র তিনটি। শিরোপাধারী বার্সেলোনার চেয়ে দুই পয়েন্টে এগিয়ে আছে স্পেনের সফলতম দলটি।
খেলোয়াড়ি জীবনে পাঁচ মৌসুম রেয়ালে কাটানো আলোন্সোর কোচ হিসেবে প্রথম মাদ্রিদ ডার্বি এটি। শুক্রবার সংবাদ সম্মেলেন সাবেক এই মিডফিল্ডার বলেন, অতি আত্মবিশ্বাস বিপদ ডেকে আনতে পারে।
“আমরা মাত্র ছয়টি ম্যাচ খেলেছি এবং পূর্ণ পয়েন্ট পেয়েছি। তবে কিছু ম্যাচ সত্যিই কঠিন ছিল, তাই আমরা অতি আত্মবিশ্বাসী হতে পারি না। জার্সিতে যে ব্যাজ আছে কিংবা আমাদের যে স্কোয়াড আছে, তার কারণে মাঠে নামলেই আমরা জিতব, তা ভাবতে পারি না। আমি বিশ্বাস করি, যে কোনো মাঠে যে কোনো ম্যাচের জন্য আমরা যত বেশি নিজেদের প্রস্তত করব, তত বেশি ম্যাচ জিতব।”
“আর যদি আমরা অনেক ম্যাচ জিততে পারি, যদি আমাদের সহজাত সক্রিয়তা থাকে, তাহলে আমরা অনেক পয়েন্ট অর্জন করতে পারব। তবে আমাদের নির্ভার হয়ে পড়া উচিত হবে না, কারণ একটি ভুল করলে চড়া মূল্য দিতে হতে পারে।”
রেয়াল যেখানে উড়ছে, আতলেতিকোর অবস্থা সেখানে বিপরীত। ছয় ম্যাচের মাত্র দুটিতে জিততে পেরেছে দিয়েগো সিমেওনের দল। পয়েন্ট তালিকায় নবম স্থানে আছে তারা। তবে আসছে লড়াইয়ে এসবের মূল্য খুব একটা নেই বলেই মনে করেন আলোন্সো।
“পয়েন্ট তালিকার অবস্থান এখন খুব বেশি অর্থবহন করে না। অবশ্যই আমরা লিড বাড়াতে পারি; কিন্তু ম্যাচটি কঠিন হবে। মেত্রোপলিতানোয় জেতা সহজ নয়, এর জন্য আমাদের পরিশ্রম করতে হবে।”
গত দুই মৌসুমে লা লিগায় আতলেতিকো মাদ্রিদকে তাদের মাঠে হারাতে পারেনি রেয়াল মাদ্রিদ।
