‘ভারতের বিপক্ষে আর হামজার সঙ্গে খেলতে সবাই রোমাঞ্চিত’
দুটি সুযোগ লুফে নিতে ক্যাম্পের সবাই আটঘাঁট বেঁধে অনুশীলন করছে বলে জানালেন জাতীয় দলের ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম।
প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলার দুর্নিবার আকাঙ্ক্ষা তো আছেই, সাথে যোগ হয়েছে হামজা চৌধুরীর সাথে খেলার হাতছানি। জাতীয় দলের ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিমও বললেন, দুটি সুযোগ লুফে নিতে প্রস্তুতি ঘাম ঝরানোর একটুও কমতি রাখছেন না তারা।
এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে আগামী ২৫ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিলংয়ের এই মহারণ সামনে রেখে বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার চতুর্থ দিনের অনুশীলন সেরেছে দল।
ভারত ম্যাচের প্রস্তুতি আরও শাণিয়ে নিতে বুধবার সৌদি আরবের উদ্দেশে উড়াল দিবেন জামাল-ইব্রাহিমরা। সেখানে তাদের সাথে যোগ হবেন, ইতালির সেরি ডিতে খেলা ফরোয়ার্ড ফাহামেদুল ইসলাম। শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলা হামজার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ১৮ মার্চে। ইব্রাহিম জানালেন, হামজার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে উন্মুখ দলের সবাই।
“আমরা ৩০ জন অনুশীলন করছি। কঠিন সেশন, প্রতিদ্বন্দ্বিতাও অনেক। কারা সেরা একাদশে খেলবে, কারা খেলবে না… কোচ বলেছেন, যারা অনুশীলনে ভালো করবে, তারাই সেরা একাদশে খেলবে। একারণে গত চার দিনের প্রস্তুতিতে ওটার জন্য (দলে থাকার) বেশি লড়াই চলছে।”
“ভারতের বিপক্ষে ম্যাচ, এছাড়া হামজা ভাই আছে, ওর সাথেও খেলার জন্য সবাই রোমাঞ্চিত। এখন পর্যন্ত আমরা সবাই চেষ্টা করছি নিজেদের সর্বোচ্চটা দিয়ে দলে থাকার জন্য, সেরা একাদশে খেলার জন্য। বাকিটা কোচের সিদ্ধান্ত। আসলে ভারতের বিপক্ষে সবসময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়। এবারও তার ব্যতিক্রম হবে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করব জয় ছিনিয়ে আনার জন্য।”
মাঝমাঠে হামজার সঙ্গী হওয়ার সুযোগ আছে মোহাম্মদ হৃদয়ের সামনে। এই মিডফিল্ডার আশাবাদী তাদের মতো হামজাও মানিয়ে নিবেন দলের কৌশলের সাথে।
“আপনারা সবাই জানেন, হামজা ভাই অনেক ভালো মানের খেলোয়াড়। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা পরীক্ষিত একজন খেলোয়াড়। আমি মনে করি, তার সাথে যদি খেলতে পারি, সেটা অনেক সৌভাগ্যের একটা বিষয়। আর আপনারা কম্বিনেশনের যে বিষয়টা বললেন, সে যদি দলের সাথে যোগ দেয়, তাহলে ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করবে।”
“আমরা শারীরিকভাবে ও মানসিকভাবে এই ম্যাচটা জন্য প্রস্তুত। আসলে দলে অনেক খেলোয়াড়। কোচ আসলে সিদ্ধান্ত নিবে কে খেলবে, কে খেলবে না। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, কীভাবে ভালো করে সেরা একাদশে জায়গা করে নেওয়া যায়।”
ভারতের মাঠে সবশেষ ২০১৯ সালে সল্টলেকে জয়ের পথে থাকা বাংলাদেশ শেষ দিকে গোল খেয়ে ১-১ ড্র করেছিল। শিলংয়ে ভালো ফল পেতে মুখিয়ে হৃদয়।
“আমরা সবসময় মনে করি, প্রতিপক্ষ যেই হোক না কেন, সে শক্তিশালী। তো আমরা যদি আমাদের যে পরিকল্পনা আছে, সে অনুযায়ী খেলতে পারি, তাহলে ভালো একটা ফলের আশা আছে; ইনশাল্লাহ।”
