আড়াল থেকে দলের পরিবেশ নষ্ট করা হচ্ছে, অভিযোগ বাটলারের
ভেতর-বাইরে থেকে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ করলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ।
মালয়েশিয়ার বিপক্ষে হেরে সংবাদ সম্মেলনে আবারও রুদ্ররূপে ধরা দিলেন পিটার জেমস বাটলার। বাইরের উস্কানি, ভেতরের অসহযোগিতাসহ নানা বিষয় নিয়ে ক্ষোভ উগরে দিলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ!
জাতীয় স্টেডিয়ামে বুধবার ম্যাচ শুরুর আগের আবহ ছিল অবশ্য ভিন্ন। এক যুগেরও বেশি সময় পর এই আঙিনায় প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামেন ঋতপুর্ণা-মনিকারা। প্রথমার্ধে খেলার ধারার বিপরীতে গোল হজমের পর ছন্নছাড়া হয়ে পড়ে দল। ফলে ১-০ ব্যবধান পরে আর ঘোচেনি।
প্রতিক্রিয়া দিতে এসে শুরুতে হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার। অনেকটা অকারণেই পোস্ট ছেড়ে বেরিয়ে এসে গোল খাওয়া রূপনা চাকমাকেও তিনি বিঁধলেন না। তবে তার কণ্ঠে ক্ষোভের উদগীরণ হলো যথেষ্টই।
“প্রথমত দল নির্বাচনে, ফলের, ভালো-মন্দ সবকিছুর দায় আমি নিচ্ছি। আমি এটা পরিষ্কার করে বলতে চাই-এখানে অজুহাত দেখাতে আসিনি। আমি মনে করি, আমার দল যেমনটা খেলবে, আমরা আসলেই তেমন ভালো খেলেছি। কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। ওই গোলটির জন্যও আমি কাউকে দায় দিতে চাই না।”
“কিন্তু আমি জানি, কী কারণে এক বা দুজন খেলোয়াড় আজ সেরা পর্যায়ে ছিল না। আমি নিশ্চিত, এখানে কিছু গণমাধ্যমকর্মী আছেন…আমি শুধু এতটুকুই বলব, যখন কেউ পর্দার আড়ালে কাজ করে, যখন আপনার ক্যাম্পের ভেতরেও কেউ কলকাঠি নাড়ে, তখন মামনি চাকমা, সাগরিকার মতো তরুণদের বের করে আনা ভীষণ কঠিন হয়ে পড়ে। আমি বাংলাদেশের ফুটবলকে সহযোগিতা করতে চাই, কিন্তু কিছু মানুষের মতো করে নয়।”
২৯তম মিনিটে পাল্টা আক্রমণে বাংলাদেশের জালে বল পাঠায় সফরকারীরা। সতীর্থের লং পাস নুর আইনসাহ বিনতে মুরাদ নিয়ন্ত্রণে নেওয়ার সময় তার পাশেই ছিলেন ডিফেন্ডার কোহাতি কিসকু। একই সময়ে রূপনা চাকমা পোস্ট ছেড়ে বেরিয়ে আসায় দুজনের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়। সুযোগটি কাজে লাগান নুর। বাটলারের মতে, রূপনার বলের নাগাল পাওয়া উচিত ছিল।
“ওই গোলটা নিয়ে আমি স্রেফ মনে করি, রূপনা একটু ধীর গতিতে বেরিয়ে এসেছিল। আমার মনে হয় সে একটু দোটানায় ছিল। হাই-লাইন ডিফেন্সের এখানে কিছু নেই এবং আমি মনে করি, এটা নিয়ে কেউ কেউ সারাক্ষণ আচ্ছন্ন থাকে। আমি মনে করি, রূপনার বলটা ক্লিয়ার করতে পারা উচিত ছিল। তবে আমি তাকে সমালোচনা করছি না, কেননা অনেক অনেক সেভ সে করেছে।”
“তখন একটা ভুল হয়েছিল। এটা হয়ই। তবে মেয়েরা যেভাবে খেলেছে, তাতে আমি খুশি। আমি হতাশ ফল নিয়ে। যেটা হওয়া উচিত ছিল, সেটা হয়নি। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে, কিছু তরুণ খেলোয়াড় মামনি চাকমাসহ কয়েকজনকে ম্যাচ টাইম দিতে পেরেছি।”
আগামী মার্চে উইমেন’স এশিয়ান কাপ সামনে রেখে এই ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। আগামী মঙ্গলবার মেয়েরা মুখোমুখি আজারবাইজানের। এশিয়ান কাপের খুব বেশি দেরি নেই। এ মুহূর্তে বাইরের হস্তক্ষেপ চললে মূল আসরে প্রস্তুতি কিভাবে হবে, এমন প্রশ্নে বাটলার অবশ্য কিছুটা কৌশলী উত্তরই দিলেন।
“আমি কারো নাম উল্লেখ করব না, কারণ, আপনারাও জানেন আমি কার কথা বলছি। কাউকে যদি অবাধ্যতার কারণে দল থেকে বাদ দেওয়া হয়, একজন কোচ হিসেবে আমি যদি একটি সুস্থ পরিবেশ তৈরি করতে চাই, যা আমার মনে হয় ৯০ শতাংশ আছে, তাহলে এই দলের ভেতরে সত্যিই একটা সুস্থ পরিবেশ তৈরি হবে। মেয়েরা দুর্দান্ত, তারা যত এগিয়ে যাবে, তত উন্নতি করবে এবং আমার মনে হয় বাংলাদেশের নারী ফুটবলের ভবিষ্যৎ সত্যিই উজ্জ্বল। যদিও কিছু লোক কেবল বাইরে থেকে নয়, ভেতরেও সমস্যা তৈরি করছে, (তাদের বিরুদ্ধে) আমাদের লড়তে হবে।”
“এখন যদি আমাকে সরে যেতে হয়, আমি তা করতে পেরে বেশ খুশি হবো। অন্য কাউকে নিয়ে আসুন, কিন্তু একই সমস্যা বাস্তবায়িত হবে। আর খেলোয়াড়দের আমি শুধু এটাই বলব, শক্তিশালী চরিত্র হতে হবে, ঝড়ের সাথে লড়াই করতে হবে, নিজেদের উপর বিশ্বাস হারাবে না, এবং শুধু সঠিক কাজ করে যেতে থাকবে, আমি এখানে থাকি বা না থাকি।”
