শেষ সময়ের পেনাল্টি গোলে রেয়াল মাদ্রিদের স্বস্তির জয়
তিন দিন আগের প্রবল ধাক্কা সামলে জয়ের পথে ফিরল ভিনিসিউস-এমবাপেরা।
আট মিনিট যোগ করা সময়ের তখন আর ৩০ সেকেন্ডের মতো বাকি। পেনাল্টি পেল হোঁচট খেতে বসা রেয়াল মাদ্রিদ। তা থেকেই ব্যবধান গড়ে দিলেন কিলিয়ান এমবাপে। শেষ দিকের বেশ কিছুটা সময় ১০ জন নিয়ে খেলা রায়ো ভাইয়েকানোকে খুব কষ্টে হারাল আলভারো আরবেলোয়ার দল।
সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার লা লিগার ম্যাচে স্বাগতিকদের জয় ২-১ গোলে। ভিনিসিউস জুনিয়রের দর্শনীয় গোলে শুরুতে এগিয়ে যায় তারা।
নাটকীয় জয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ব্যবধান আবার ১ পয়েন্টে নামিয়ে আনল রেয়াল মাদ্রিদ। ২২ ম্যাচে ১৭ জয় ও তিন ড্রয়ে ৫৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা।
সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
চ্যাম্পিয়ন্স লিগে শক্ত অবস্থান থেকে শেষ রাউন্ডে বেনফিকার বিপক্ষে ৪-২ গোলে হেরে প্লে-অফে নেমে যাওয়ার পর, প্রথম মাঠে নেমেই বড় ধাক্কা খায় রেয়াল। দশম মিনিটে চোট পেয়ে মাঠ ছেড়ে যান মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।
একক নৈপুণ্যে এর পাঁচ মিনিট পরেই দলকে এগিয়ে নেন ভিনিসিউস। ব্রাহিম দিয়াসের পাস ধরে ডি-বক্সে ঢুকে, প্রতিপক্ষের তিন জন ঘিরে থাকা অবস্থায় দারুণ শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
লা লিগায় এর আগে সবশেষ তিনি জালের দেখা পেয়েছিলেন গত ৪ অক্টোবর, ভিয়ারিয়ালের বিপক্ষে। চলতি আসরে তার মোট গোল হলো ছয়টি, সব প্রতিযোগিতা মিলিয়ে আটটি।
চার মিনিট পর আর্দা গিলেরের শট ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি ভাইয়েকানো গোলরক্ষক। ফিরতি বল ফাঁকায় পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি ভিনিসিউস।
বেলিংহ্যামের বদলি নামা ব্রাহিম দিয়াস বিরতির আগে ভালো একটি সুযোগ পান। কিন্তু ডি-বক্সে প্রতিপক্ষের বাধার মুখে শট নিতে দেরি করে ফেলেন তিনি, পরে বল হারিয়েও ফেলেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই রেয়ালের রক্ষণের দুর্বলতা ফুটে ওঠে এবং ৪৯তম মিনিটে ম্যাচে সমতা ফেরে। সতীর্থের হেড পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে, সহজেই বাঁ পায়ের শটে জালে পাঠান হোর্হে দে ফ্রুতোস। তাকে চ্যালেঞ্জ জানানোর মতোও যথেষ্ট ক্ষিপ্র হতে পারেননি রেয়ালের কেউ।
৬৪তম মিনিটে আবার গোল খেতে বসেছিল রেয়াল। দারুণ প্রতি-আক্রমণে গতিতে সবাইকে পেছনে ফেলে, ডি-বক্সে গোলরক্ষককে এক পেয়ে যান আন্দ্রেই রাতসু। এগিয়ে এসে তার শট পা দিয়ে আটকে দেন থিবো কোর্তোয়া।
তিন মিনিট পর রেয়াল মাদ্রিদও প্রতি-আক্রমণে যায়। মাঝমাঠ থেকে গিলেরের বাড়ানো থ্রু পাস ধরে, ডি-বক্সের অনেকটা বাইরে বেরিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে, ফাঁকা জাল পেয়েও অবিশ্বাস্যভাবে ক্রসবারে মারেন এমবাপে।
৮০তম মিনিটে দানি সেবাইয়োসকে বিপজ্জনক ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন পাথে সিস। পরের মিনিটেই গোল পেতে পারতেন সেবাইয়োস; কিন্তু তার দূরপাল্লার শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
একটু পর আবার দুর্ভাগ্যের বাধায় গোল পায়নি রেয়াল; এদুয়ার্দো কামাভিঙ্গার শট পোস্টে প্রতিহত হয়।
যোগ করা সময়ের অষ্টম মিনিটে ডি-বক্সে ব্রাহিম দিয়াস ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় রেয়াল। পোস্ট ঘেঁষে বল জালে পাঠিয়ে দলকে চিন্তামুক্ত করেন এমবাপে।
এবারের লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ফরাসি ফরোয়ার্ডের গোল হলো ২২টি।
এরপরও ইনজুরি টাইমের খেলা চলে বেশ কিছুক্ষণ। শেষের আগের মিনিটে সাইডলাইনের বাইরে অহেতুক রদ্রিগোকে ধাক্কা মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ডিফেন্ডার জোসেপ মারিয়া।
ফলে ৯ জন নিয়ে খেলা শেষ করে ভাইয়েকানো। ২২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে দলটি।
