১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৩৬ বছর বয়সে সৌদি ফুটবল ছেড়ে ইউরোপে ফিরলেন অবামেয়াং

ফ্রি ট্রান্সফারে আবার অলিম্পিক মার্সেইয়ে যোগ দিয়েছেন অভিজ্ঞ এই ফরোয়ার্ড।

৩৬ বছর বয়সে সৌদি ফুটবল ছেড়ে ইউরোপে ফিরলেন অবামেয়াং
এক বছর পর মার্সেইয়ে ফিরলেন পিয়েরে-এমেরিক অবামেয়াং (মাঝে)। ছবি: মার্সেই ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2025, 04:44 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

ইউরোপিয়ান ফুটবল ছেড়ে যাওয়ার এক বছর পর আবার পুরোনো ঠিকানায় ফিরেছেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। ফ্রি ট্রান্সফারে তাকে দলে টেনেছে মার্সেই।

ফরাসি ক্লাবটি বৃহস্পতিবার ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে চুক্তিভুক্ত করার খবরটি নিশ্চিত করেছে। চুক্তির মেয়াদের বিষয়ে কিছু জানানো হয়নি।

বরুশিয়া ডর্টমুন্ড, আর্সেনাল, বার্সেলোনা ও চেলসির সাবেক এই ফুটবলার ২০২৩ সালে ফ্রি ট্রান্সফারে প্রথমবার মার্সেইয়ে যোগ দিয়েছিলেন। দলটিতে অভিষেক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছিলেন ৩০ গোল; দুই দশক আগে দিদিয়ের দ্রগবার পর প্রথম কোনো মার্সেই খেলোয়াড় হিসেবে ত্রিশ গোলের ঘর ছুঁয়েছিলেন তিনি।

ফ্রান্সে জন্ম নেওয়া গ্যাবনের এই ফুটবলার ২০২৪ সালের জুলাইয়ে দুই বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল-কাদসিয়াহতে যোগ দেন। তবে গত মাসের শুরুর দিকে ‘পারস্পরিক সমঝোতায়’ চুক্তিটির সমাপ্তি টানেন অবামেয়াং এবং এখন তিনি আবার হয়ে গেলেন মার্সেইয়ের।