২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক ম‍্যাচ নিষিদ্ধ বিয়েলসা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম‍্যাচে উরুগুয়ের ডাগআউটে থাকা হবে না অভিজ্ঞ এই কোচের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2024, 02:17 PM

Updated : 26 Aug 2026, 09:54 AM

কোপা আমেরিকার চলতি আসরে বিরতির পর দল দেরিতে মাঠে ফেরায় চতুর্থ কোচ হিসেবে শাস্তি পেলেন মার্সেলো বিয়েলসা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম‍্যাচে উরুগুয়ের ডাগআউটে থাকা হবে না অভিজ্ঞ এই কোচের। 

বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে গ্রুপ শ্রেষ্ঠত্বের লক্ষ‍্যে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে উরুগুয়ে। একই সময়ে গ্রুপের আরেক ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলবে পানামা।   

লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্তা সংস্থা কনমেবল রোববার এক বিবৃতিতে জানায়, বলিভিয়ার বিপক্ষে ৫-০ গোলে জয়ের পথে বিরতির পর দেরিতে আসায় এক ম‍্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন কোচ বিয়েলসা। সঙ্গে উরুগুয়ে ফুটবল অ‍্যাসোসিয়েশনকে ১৫ হাজার ডলার জরিমানা করা হয়েছে।

আর্জেন্টিনার লিওনেল স্কালোনি, চিলির রিকার্দো কারেগা ও ভেনেজুয়েলার ফের্নান্দো বাতিস্তার পর এবারের কোপায় চতুর্থ কোচ হিসেবে শাস্ত পেলেন ৬৮ বছর বয়সী বিয়েলসা। বাকি তিন জনের মতো তিনিও আর্জেন্টাইন কোচ। 

উরুগুয়ের সহকারী কোচ দিয়েগো রেয়েস মনে করেন, বিরতির পর মাঠে ফেরার সময় নিয়ে এবারের কোপা আমেরিকার অবস্থান বেশ কঠোর। 

“এই নিষেধাজ্ঞা কখনও ভালোভাবে নেওয়া হয় না। কারণ, দলের দিক থেকে এটা একটা নেতিবাচক ব‍্যাপার। সবশেষ ম‍্যাচে আমরা (দেরি এড়ানোর জন‍্য) যথাযথ সতকর্তা নিয়েছিলাম, কিন্তু কিছু অনিশ্চয়তা থাকেই যেগুলো সমাধান করা সম্ভব হয় না।”   

ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে উরুগুয়ে। গোল পার্থক‍্যে অনেক এগিয়ে থাকায় বড় ধরনের বিপর্যয় না হলে তাদের সেরা আটে থাকা প্রায় নিশ্চিত। ড্রয়ের নিরাপদ পথে না হেঁটে ‘নিজেদের শেষ ম‍্যাচ’ হিসেবে খেলতে চাওয়ার কথা বললেন রেয়েস।

“সম্ভাব‍্য সেরা পারফরম‍্যান্সই আমাদের করতে হবে। যুক্তরাষ্ট্র খুবই গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ। বিশ্বের সেরা লিগগুলো খেলা ফুটবলার আছে তাদের দলে। বর্তমান কোচের অধীনে অনেক দিন ধরেই তারা ভালো করছে।”

“সব দলের মতোই তাদেরও উত্থান-পতন আছে। বড় ম‍্যাচ খেলার বোঝা তাদের কাঁধে। ওদের দল ভারসাম‍্যপূর্ণ এবং এই খেলোয়াড়েরা দীর্ঘ দিন এক সঙ্গে খেলছে, যা তাদের গুরুত্বপূর্ণ এবং মুখোমুখি হওয়ার জন‍্য কঠিন প্রতিপক্ষ হিসেবে পরিণত করেছে।”

হার এড়ালেই গ্রুপ সেরা হয়ে যাবে উরুগুয়ে। হারলেও শেষ আটে খেলার সুযোগ থাকবে প্রতিযোগিতার যৌথ রেকর্ড ১৫ বারের চ‍্যাম্পিয়নদের।