২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চাপ নয় গর্ব’ নিয়ে বিশ্বকাপ অভিষেকের অপেক্ষায় জর্ডান

বিশ্ব মঞ্চে খেলতে পেরেই নিজেদের ভাগ্যবান মনে করছেন দলটির অধিনায়ক এহসান হাদ্দাদ।

‘চাপ নয় গর্ব’ নিয়ে বিশ্বকাপ অভিষেকের অপেক্ষায় জর্ডান
বিশ্বকাপ অভিষেকের আগে অনুশীলনে জর্ডানের ফুটবলাররা। ছবি: জর্ডান ফুটবল ফেডারেশন

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2026, 06:39 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

বিশ্বকাপ অভিষেকের আগে তেমন কোনো চাপ অনুভব করছেন না জর্ডানের ফুটবলাররা। দলটির অধিনায়ক এহসান হাদ্দাদ বলেছেন, বিশ্ব মঞ্চে খেলতে পারার গর্ব নিয়ে মাঠে নামার জন্য উন্মুখ হয়ে আছেন তারা।

বাংলাদেশ সময় বুধবার সকালে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের স্বাদ নেওয়ার অপেক্ষায় প্রহর গুনছে জর্ডান। যে গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আলজেরিয়া।

পাল্টা-আক্রমণে প্রতিপক্ষকে কাঁপিয়ে দেওয়ার জন্য পরিচিতি পাওয়া জর্ডান, বিশ্বকাপ বাছাইয়ে ৩২টি গোল করেছে। ২০১০ সালে স্লোভাকিয়ার পর প্রথম দল হিসেবে বিশ্বকাপে অভিষেক আসরে নকআউট পর্বে পৌঁছানোর কীর্তি গড়ার সুযোগ রয়েছে তাদের সামনে।

বিশ্বকাপের টিকেট পেয়েই একটি স্বপ্ন পূরণ হয়েছে জর্ডানের। ডিফেন্ডার হাদ্দাদ বলেছেন, এবার ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজেদের ছাপ রাখতে চান তারা।

“আমাদের ফুটবল ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে অংশ নিচ্ছি। এটা আমাদের জন্য অনেক বড় গর্বের বিষয়। এখানে চাপের চেয়ে গর্বই কাজ করছে বেশি। এখানে জায়গা করে নেওয়াটাই ছিল আমাদের স্বপ্ন।”

“আমাদের নিজেদের ওপর আস্থা রয়েছে। যে চাপ এতদিন আমরা অনুভব করেছি, সেটাই আমাদের এখানে নিয়ে এসেছে। এখন দেখা যাক, এটি আমাদের কোথায় নিয়ে যায়।”

টানা তৃতীয় বিশ্বকাপে খেলতে পারছে না চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। সেখানে জায়গা করে নিতে পেরেই নিজেদের ভাগ্যবান মনে করছেন হাদ্দাদ। তবে কেবল অংশ হতে নয়, নিজের সামর্থ্যও দেখাতে চান তারা।

“ফুটবল ইতিহাসের অনেক বড় খেলোয়াড়রা আজ এখানে নেই। নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার জন্য এটা বাড়তি অনুপ্রেরণা।”

“আমরা লড়াই করব, ৯০ মিনিট ধৈর্য ধরে রাখব এবং নিজেদের পরিকল্পনায় অটল থাকব।”