২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাহর শেষ মুহূর্তের গোলে লিভারপুলের ঘাম ঝরানো জয়

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে শতভাগ জয়ের ধারা ধরে রাখল আর্না স্লটের দল।

সালাহর শেষ মুহূর্তের গোলে লিভারপুলের ঘাম ঝরানো জয়
জয়সূচক গোলের পর মোহামেদ সালাহকে ঘিরে সতীর্থদের বাঁধনহারা উল্লাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2025, 09:06 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

পজেশন থেকে শুরু করে গোলের প্রচেষ্টা, সব ক্ষেত্রেই একচেটিয়া আধিপত্য করল লিভারপুল। তারপরও, ৯০ মিনিটে পেল না তারা জালের দেখা। প্রথম পয়েন্ট হারানোর শঙ্কাও তখন হয়তো পেয়ে বসেছিল ‘অল রেড’ সমর্থকদের মনে। তবে, শেষ মুহূর্তে সবকিছু বদলে দিলেন মোহামেদ সালাহ। তার সফল স্পট কিকে শতভাগ জয়ের ধারা ধরে রাখল আর্না স্লটের দল। 

বার্নলির টার্ফ মুরে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতেছে লিভারপুল। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোলটি করেন সালাহ।

পুরো ম্যাচে ৮০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২৭টি শট নেয় লিভারপুল, এর মধ্যে কেবল চারটিই লক্ষ্যে রাখতে পারে তারা। বিপরীতে বার্নলি তিনটি মাত্র শট নিতে পারে, যার কোনোটিই ছিল না লক্ষ্যে।

চার ম্যাচের সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আর্সেনাল।

গ্রীষ্মের দলবদলের শেষ মুহূর্তে নিউক্যাসল ইউনাইটেড থেকে লিভারপুলে যোগ দেওয়া আলেকসান্দার ইসাক এই ম্যাচের স্কোয়াডে ছিলেন না। 

প্রথম তিন রাউন্ডে একটিতে জয়ী বার্নলির ওপর শুরু থেকে প্রবল চাপ তৈরি করে লিভারপুল। প্রথম আধা ঘণ্টায় ৮০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য সাতটি শট নেয় তারা, যদিও লক্ষ্যে রাখতে পারেনি একটিও।

ওই সময়ে পাঁচটি কর্নারও আদায় করে নেয় শিরোপাধারীরা; কিন্তু কোনোটারই সফল পরিণতি দিতে পারেনি তারা। ২২তম মিনিটে বার্নলির ডি-বক্সে ডাউভ দিয়ে হলুদ কার্ড দেখেন লিভারপুলের লেফট-ব্যাক মিলোস কেরকেস।

৩৯তম মিনিটে লক্ষ্যে প্রথম শট রাখতে পারে লিভারপুল, যদিও অ্যান্ডি রবার্টসনের দুর্বল প্রচেষ্টায় বল অনায়াসে হাতে জমান মার্তিন।

বিরতির পরও ম্যাচের গতিপথ একই থাকে, বরং বার্নলির ওপর চাপ বাড়ে আরও। দূর থেকে শট নিতে পারদর্শী দমিনিক সোবোসলাই ৫৯তম মিনিটে তেমনই একটা চেষ্টা করেন, কিন্তু গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি তিনি।

৮৪তম মিনিটে বড় ধাক্কাটা খায় বার্নলি; ফ্লোহিয়ান ভিয়েৎসকে বাজেভাবে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফরাসি মিডফিল্ডার লেসলি উগুচুকয়ু।

প্রতিপক্ষ ১০ জনের দলে নেমে আসায় আশা জাগে লিভারপুল শিবিরে। তারপরও কাজের কাজ কিছু হচ্ছিল না। অবশেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডি-বক্সে হানিবাল মেজব্রির হাতে বল লাগলে পেনাল্টি পায় লিভারপুল। মূল্যবান একটি পয়েন্ট পাওয়ার খুব কাছে এসেও দলকে বিপদে ফেলে দিয়ে হতাশায় মুখ ঢেকে ফেলেন এই মিডফিল্ডার।

অন্তিম সময়ের সুবর্ণ সুযোগটি কাজে লাগিয়ে দলকে উচ্ছ্বাসে ভাসান সালাহ। আসরে চার ম্যাচে তার গোল হলো দুটি।