ওডেগোর-সাকাদের আর্সেনাল কোচের কড়া বার্তা
বাইরের শোরগোল সামলাতে না পারলে আর্সেনালের ফুটবলারদের অন্য ক্লাবে যোগ দিতে বললেন মিকেল আর্তেতা।
লিগে টানা দুই ম্যাচে পয়েন্ট হারানো আর্সেনালকে নিয়ে শুরু হয়েছে পুরনো এক আলোচনা। শিরোপার আশা জাগিয়ে আবারও কি মৌসুমের শেষ দিকে এসে পথ হারিয়ে ফেলবে লন্ডনের দলটি? বাইরের এসব শোরগোলে ফুটবলারদের কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন মিকেল আর্তেতা। সঙ্গে মার্টিন ওডেগোর, বুকায়ো সাকাদের উদ্দেশ্যে কড়া এক বার্তাও দিয়েছেন আর্সেনাল কোচ।
বাইরের আলোচনা-সমালোচনা সামলাতে না পারলে ফুটবলারদের খেলা ছেড়ে অন্য কিছু করতে বলেছেন আর্তেতা। প্রয়োজনে আর্সেনাল ছেড়ে অন্য ক্লাবে যোগ দিতেও বলেছেন তিনি।
আর্সেনাল সবশেষ প্রিমিয়ার লিগ জিতেছিলে ২০০৩-০৪ মৌসুম। দীর্ঘ শিরোপা খরা ঘুচানোর দারুণ সুযোগ এবার তাদের সামনে। ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে তারা।
কদিন আগেও টেবিলে দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ছিল পাঁচ। কিন্তু সবশেষ দুই ম্যাচ ড্র করে তারা শক্তিতে পিছিয়ে থাকা ব্রেন্টফোর্ড ও উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে। আর তাতে এখন সেই ব্যবধান নেমে এসেছে স্রেফ দুইয়ে।
মৌসুমের শেষ দিকে এসে আর্সেনালের পথ হারানো নতুন কিছু নয়। গত তিন মৌসুমেও শিরোপার আশা জাগিয়ে শেষ পর্যন্ত রানার্স আপ হয়েছিল তারা। এবারও তেমন কিছুর পুনরাবৃত্তি হবে কিনা চলছে এই আলোচনা।
ফুটবলে যারা ভালো লিড থাকার পরও কোনো ম্যাচ বা টুর্নামেন্ট জিততে পারে না তাদের ‘বটলার্স’ বলা হয়। এই তকমা অবশ্য আগেই প্রত্যাখ্যান করেছেন আর্তেতা। তবে খেলোয়াড়রা কি চাপ অনুভব করছে না? টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচের আগের দিন শনিবার এমন প্রশ্ন করা হয় আর্সেনাল কোচকে।
সেটির জবাব দিতে গিয়েই নিজের খেলোয়াড়দের কড়া বার্তা দেন তিনি।
“তাদের (খেলোয়াড়দের) এই প্রশ্নটা করুন যে ‘তোমরা কি বাইরের আলোচনার অংশ হতে চাও? নাকি চাও না? যদি (সামলাতে) না চাও তাহলে গিয়ে অন্য কিছু করো।”
“অন্য ক্লাবের অংশ হতে চাও নাকি আর্সেনালে থাকতে চাও? গত ১০-১৫ বছর ধরে আমাদের কাছে সবার দাবি ছিল যে, আবার সেই জায়গায় (শিরোপার লড়াইয়ে) ফিরতে হবে, আর এখন আমরা সেখানে, তাহলে এখন কি? আমাদের নিয়ে আলোচনা চাও না?”
আর্তেতার মতে, এসব আলোচনা-সমালোচনা চলবেই। এসবকে সঙ্গী করেই নিজেদের লক্ষ্য পূরণের পথে এগোতে হবে আর্সেনালকে।
“আলোচনা যেমন খেলার অংশ, সমালোচনাও তাই। সঠিকভাবে আমাদের সেসব সামাল দিতে হবে। আর যেটা চাই সেটা অর্জন করতে হবে।”
“আমাদের যা করার সেটা করতেই হবে। আমার মনে হয় না, এখানে পরিস্থিতি কারো জন্য বদলাবে। দিন শেষে আপনাকে পরের ম্যাচ জিততে হবে। সেটা করতে পারলে আপনি আরও অনেক দৃঢ় অবস্থায় থাকবেন। এই একটা বিষয়ই আমরা নিয়ন্ত্রণ করতে পারি।”
টটেনহ্যামের বিপক্ষে রোববার খেলবে আর্সেনাল। ২৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলে ১৬ নম্বরে আছে টটেনহ্যাম।
