১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কেবল হলান্ড-ওদেগোর নয়, ব্রাজিলের ভাবনায় নরওয়ে আক্রমণভাগ

ক্লাব ফুটবলে মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা থেকে ব্রাজিলের কুইয়া জানেন, নরওয়ে দলের আরও কয়েকজন ম‍্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

কেবল হলান্ড-ওদেগোর নয়, ব্রাজিলের ভাবনায় নরওয়ে আক্রমণভাগ
সতীর্থদের সঙ্গে অনুশীলনে মাতেউস কুইয়া (ডানে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2026, 09:00 AM

Updated : 11 Sep 2026, 03:35 PM

বিশ্বকাপে যত দিন যাচ্ছে, ততই যেন আরও ভালো হচ্ছে ব্রাজিল। এরপরও, নরওয়ের খেলোয়াড়দের নিয়ে সাবধান থাকার প্রয়োজনীয়তা দেখছেন মাতেউস কুইয়া। শুধু আর্লিং হলান্ড ও মার্টিন ওদেগোর নয়, প্রতিপক্ষের আরও কয়েকজনের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ ব্রাজিলের এই ফরোয়ার্ডের।

উত্তর আমেরিকা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নিউ ইয়র্কে মুখোমুখি হবে এই দুই দল। ৬ জুলাই ২টায় (এএম) শুরু হবে ম্যাচটি।

ইংলিশ প্রিমিয়ার লিগে কুইয়া খেলেন ম‍্যানচেস্টার ইউনাইটেডে। ফরোয়ার্ড হলান্ড খেলেন ম‍্যানচেস্টার সিটিতে। আর ওদেগোর জাতীয় দলের পাশাপাশি ইংলিশ চ‍্যাম্পিয়ন আর্সেনালেরও অধিনায়ক। 

হলান্ডের সামর্থ্য সম্পর্কে অবশ‍্য আরও আগে থেকেই জানেন কুইয়া। জার্মানির বুন্ডেসলিগায় ভিন্ন দুই ক্লাবে খেলতেন তারা। টিম হোটেলে সংবাদ সম্মেলনে কুইয়া শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের দুই বড় তারকাকে অকার্যকর করে রাখার দিকে জোর দিলেন। পাশাপাশি অন‍্যদের ব‍্যাপারেও মনোযোগী থাকতে বললেন। 

“ওদের আক্রমণ খু্ব, খুব শক্তিশালী। আমরা জানি, ওদের অনেক খেলোয়াড় আছে এবং ম‍্যানচেস্টারের হয়ে ওদের অনেকের বিপক্ষে আমি খেলেছি। তবে, আমাদের কেবল ওদের দিকে মনোযোগ দিলেই হবে না, নরওয়ের আরও কয়েকজন ভালো খেলোয়াড়ের দিকেও নজর রাখতে হবে।

“আমি এরই মধ‍্যে হলান্ডের বিপক্ষে কয়েকবার খেলেছি… আমাদের মধ‍্যে সম্পর্ক ভালো। আমরা মৌসুমজুড়ে এই পর্যায়ের অনেক খেলোয়াড়ের মুখোমুখি হয়ে অভ‍্যস্ত। জার্মানিতে খেলার সময়ও আমি হলান্ডের মুখোমুখি হয়েছি।”