হতাশ কণ্ঠে কাবরেরা বললেন, ‘আমরা দমে গিয়েছিলাম’
লক্ষ্য পূরণ না হলেও ভুটান সফর ইতিবাচক মনে করছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ।
প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ জিতেছিল প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে। দ্বিতীয় ম্যাচে দল হারল নিষ্প্রাণ খেলে শেষ দিকে মনোযোগ হারিয়ে। হাভিয়ের কাবরেরাও মানছেন, যতটা উদ্যোমী হওয়ার কথা ছিল, দ্বিতীয় প্রীতি ম্যাচে ততটা পারেনি তার দল। তারপরও, বাংলাদেশ কোচের মনে হচ্ছে, এবারের ভুটান সফর তাদের জন্য ইতিবাচক।
থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে রোববার ভুটানের বিপক্ষে ১-০ গোলে হারে বাংলাদেশ। প্রথম প্রীতি ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে একই ব্যবধানে জিতেছিল দল।
টানা দুই জয়ে র্যাঙ্কিংয়ে উন্নতির আশা ছিল বর্তমানে ১৮৪তম স্থানে থাকা বাংলাদেশের। কিন্তু দ্বিতীয় ম্যাচের হারে আপাতত তা পূরণ হচ্ছে না। তা না হলেও ভুটানের বিরুদ্ধ কন্ডিশনে প্রস্তুতির সুযোগ পাওয়ার মধ্যেই যেন তৃপ্তি খুঁজে নিতে চাইলেন কাবরেরা।
“এখানকার ভালো কন্ডিশনে আমরা প্রস্তুতি নিতে পেরেছি। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার মতো চ্যালেঞ্জিং পরিস্থিতিতে খেলাও দলের জন্য ভালো। আমার কাছে, সবসময় খেলার মধ্যে থাকা দলের জন্য ভালো এবং সব উইন্ডোতে আমাদের এই লক্ষ্য থাকে। এখন আমাদের খেলায় আরেকটু উন্নতি করতে হবে।”
“আজ আমরা ফাঁকা জায়গা কাজে লাগাতে পারিনি, এটা স্বাভাবিক। কখনও কখনও আমরা গোল করতে পারি… যদি গোল নাও পারি, তাহলে আমরা ভালোভাবে রক্ষণ সামলাই, যেটা দ্বিতীয়ার্ধে করতে সমর্থ হয়েছিলাম, কিন্তু যে গোলটি খেলাম, সেটা হয়তো আমরা আটকাতে পারতাম, কিন্তু পারিনি। ঠিক আছে… ফুটবলে এমন কিছু হতেই পারে। হার মেনে নিতে হয়।”
প্রথম ম্যাচে হেরে যাওয়া ভুটান ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে, তা জানাই ছিল কাবরেরার। কিন্তু তার দলের খেলায় ছিল না ভুটানকে আটকানোর দৃঢ় কোনো ছাপ। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোলটিও কিংমে ওয়াংচুক যখন করেন, তখন বক্সে অরক্ষিত ছিলেন তিনি। কাবরেরা মেনে নিলেন শেষ দিকে উদ্যম হারিয়েছিল দল।
“শুরুতে… আসলে আমরা ধারণা করেছিলাম এমন কিছু ঘটতে পারে। কেননা ভুটানের জয় প্রয়োজন। তারা প্রথম ম্যাচ হেরেছিল এবং এ কারণে আরও শক্তভাবে তারা ফিরে আসে, নিজেদের কাজটাও করেছে। সেদিক থেকে সবকিছু আমরা ভালোভাবে সামলাতে পারিনি। দ্বিতীয়ার্ধে সম্ভবত আমরা তুলনামুলক ভালো ছিলাম। প্রথমার্ধে ওরা প্রথম ম্যাচের তুলনায় আমাদের চেয়ে নিখুঁত ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধ আটসাঁট ছিল, শেষ দিকের ওই গোলটি ছাড়া, সেট পিসে তারা তুলনামূলকভাবে বেশি নিখুঁত ছিল। আমাদের সেট পিসও তারা ভালোভাবে সামলেছে।”
“আমি মনে করি, এটা (সফর) সবার জন্য ইতিবাচক। আমাদের মনে রাখতে হবে, তিন দিন আগেই আমরা একটা ম্যাচ খেলেছি এবং এ ম্যাচের তীব্রতাও ছিল বেশি এবং আবারও বলছি, পরিস্থিতি ছিল আরও বেশি উদ্যোমী হওয়ার, কিন্তু আমরা কিছুটা নড়বড়ে হয়ে গিয়েছিলাম। তারা সুযোগটা কাজে লাগিয়েছে।”
