ফের্নান্দেসের ‘অন্যায্য’ নিষেধাজ্ঞার সমালোচনায় এজেন্ট
নিজের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করায় এন্সো ফের্নান্দেসের শাস্তি পেতে হচ্ছে, মানতেই পারছেন না হাভিয়ের পাস্তোরে।
ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করে ফেঁসে গেছেন এন্সো ফের্নান্দেস। তবে, এজন্য আর্জেন্টাইন মিডফিল্ডারকে যে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে চেলসি, এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন তার এজেন্ট হাভিয়ের পাস্তোরে।
এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে পোর্ট ভ্যাল ও প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলতে পারবেন না ফের্নান্দেস।
গত সপ্তাহে বিশ্বকাপজয়ী এই তারকা বলেন, ‘বিশ্বকাপের পর নিজের বিকল্পগুলো দেখবেন’ এবং রেয়াল মাদ্রিদে যাওয়ার সম্ভাবনার প্রশ্নে, স্পেনে থাকতে চাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেন তিনি।
সম্ভাব্য দলবদল নিয়ে মন্তব্য করায় দুই ম্যাচে তাকে দলের বাইরে রাখার ঘোষণা দেন চেলসি কোচ লিয়াম রোস্যানিও। দা অ্যাথলেটিক পত্রিকাকে পাস্তোরে বলেন, এই শাস্তি মানতে পারছেন না তিনি।
“এই শাস্তি পুরোপুরি অন্যায্য। তার নিষেধাজ্ঞার কোনো সত্যিকারের কারণ কিংবা যুক্তি নেই। এন্সো পরিস্থিতি বুঝতে পারেনি।”
২০৩২ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তি আছে ফের্নান্দেসের। রিস জেমসের অনুপস্থিতিতে তিনি দলকে নেতৃত্ব দেন। রেয়াল মাদ্রিদে তার যোগ দেওয়ার গুঞ্জন আছে, তবে স্প্যানিশ ক্লাবের সঙ্গে আলোচনার খবর উড়িয়ে দিয়েছেন তিনি।
পাস্তোরে বলেছেন, ২৫ বছর বয়সী ফের্নান্দেস এই শাস্তি পেশাদারিত্বের সঙ্গে নিয়েছেন।
“কোচ বলার পর, তিনি এটা মেনে নিয়েছেন। কারণ, তিনি পেশাদার এবং সবসময়ই পুরোপুরি নিবেদিত। তিনি সিদ্ধান্তকে সম্মান করেন।”
“তবে আমরা এই শাস্তির কারণ বুঝতে পারছি না। কারণ, তিনি কোনো ক্লাবের কথা উল্লেখ করেননি কিংবা বলেননি যে চেলসি ছাড়তে চান, বরং এর উল্টো।”
