২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাছাকাছি ড্রোন হামলার পর টেনিস কোর্ট থেকে দৌড় দিলেন খেলোয়াড়রা

সংযুক্ত আরব আমিরাতে ইরানি ড্রোন হামলায় কাছাকাছি একটি তেলের টার্মিনালে আগুন লাগার পর, ম্যাচ অফিসিয়াল ও খেলোয়াড়রা কোর্ট থেকে দৌড়ে বেরিয়ে যান।

কাছাকাছি ড্রোন হামলার পর টেনিস কোর্ট থেকে দৌড় দিলেন খেলোয়াড়রা
কোর্ট থেকে বেরিয়ে যাচ্ছেন খেলোয়াড়সহ সবাই। ছবি: স্ক্রিনশট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2026, 09:37 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

তৃতীয় সেটের খেলা চলছিল তখন। সার্ভ করার প্রস্তুতি নিচ্ছিলেন হায়াতো মাতসুওকা। হঠাৎই বেজে উঠল সাইরেন। শোনা গেল বিকট শব্দ। আম্পায়ারের সঙ্গে কথা বলে আবার সার্ভের জন্য ফিরছিলেন মাতসুওকা। কিন্তু একটু পরই দৌড়ে কোর্ট থেকে বেরিয়ে গেলেন তিনি। তার প্রতিপক্ষ, আম্পায়ার, বল বয়, সবাই দৌড়ে দ্রুত বেরিয়ে গেলেন সেখান থেকে।

সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার এটিপি চ্যালেঞ্জার ট্যুর ম্যাচের ঘটনা এটি। ইরানি ড্রোন হামলায় কাছাকাছি একটি তেলের টার্মিনালে আগুন লাগার পর, ম্যাচ অফিসিয়াল ও খেলোয়াড়রা ওভাবে কোর্ট থেকে দৌড়ে বেরিয়ে যান।

ওই হামলার কিছুক্ষণ পরই দুবাই থেকে প্রায় ৯০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত ফুজাইরাতে দুটি টেনিস ম্যাচ বন্ধ করে দেওয়া হয়। পরে দিনের বাকি সময়ের খেলা বাতিল করার কথা নিশ্চিত করে এটিপি।

ওই ম্যাচে বেলারুশের দানিল অস্তাপেনকভের মুখোমুখি হয়েছিলেন জাপানের খেলোয়াড় মাতসুওকা। প্রথম দুই সেটের একটি করে জিতেছিলেন তারা।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার সকালে ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। ওই হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা করে ইরান। গত তিন দিন ধরে আরব আমিরাতের দিকে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে।

এই সামরিক সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ হয়ে আছে কয়েক দিন ধরে। এই অঞ্চলে এবং আরও অনেক দেশে বিমান ভ্রমণ ব্যাহত হচ্ছে।