২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মদ্রিচ থাকলে সবই সম্ভব’

মধ্যপ্রাচ্যে সাত বছর ধরে সঞ্চয় করা অভিজ্ঞতাও কাতার বিশ্বকাপে কাজে আসবে বলে মনে করেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ।

‘মদ্রিচ থাকলে সবই সম্ভব’

২০১৮ বিশ্বকাপে রাশিয়ার বিপক্ষে জয়ের পর সতীর্থ দেইয়ান লভরেনের কাঁধে লুকা মদ্রিচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2022, 06:15 PM

Updated : 26 Oct 2022, 06:38 PM

রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার মাঝমাঠের মধ্যমণি ছিলেন লুকা মদ্রিচ। আলো ছড়িয়েছিলেন প্রতিটি ম্যাচে। সব বাধা পেরিয়ে ক্রোয়াটরাও উঠেছিল ফাইনালে। ফ্রান্সের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া হলেও বিশ্বকাপে নিজেদের ইতিহাসে সেরা সাফল্যের স্বাদ পেয়েছিল ক্রোয়েশিয়া। এবার স্বপ্নটা আরও বড়। তাবুতে বিশ্বস্ত যোদ্ধা মদ্রিচ থাকায় ভীষণ আশাবাদী ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচও। 

আগামী ২০ নভেম্বর পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। ২৩ নভেম্বর মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে গত আসরের রানার্সআপরা। ‘এফ’ গ্রুপে ক্রোয়েশিয়ার অন্য দুই সঙ্গী বেলজিয়াম ও  কানাডা। 

যথারীতি এবারও আলোচনা, প্রত্যাশার ভরকেন্দ্রে মদ্রিচ। বয়স ৩৭ বছর হওয়ার কারণে মাঝমাঠের এই শিল্পীর শেষটা দেখে ফেলছেন অনেকে। এটাই তার শেষ বিশ্বকাপ-এমন গুঞ্জনে সয়লাব চারদিক। 

মদ্রিচকে খুব কাছ থেকে দীর্ঘদিন ধরে দেখছেন দালিচ। এই বয়সেও রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের সব ভার কাঁধে নিয়ে দুর্বার গতিতে ছুটে চলার সামর্থ্য নিয়ে বিন্দুমাত্র সংন্দেহ নেই ক্রোয়াট কোচের। এক কথায় মদ্রিচের কাছে অসম্ভব বলে কিছু নেই বলে মনে করেন তিনি।

Image

লুকা মদ্রিচের সঙ্গে ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ (ডানে)।

“মদ্রিচকে যতটুকু জানি, মনে হয় না এটা তার শেষ বিশ্বকাপ। তার কাছে অসম্ভব বলে কিছু নেই-এই বয়সে সে যা করছে, তা অবিশ্বাস্য। প্রতিদিন সে উন্নতি করছে এবং জাতীয় দলের হয়ে খেলার সময় যেন রাজ্যের শক্তি ভর করে তার মধ্যে। কিন্তু হ্যাঁ, খুব সম্ভবত এটা তার শেষ বিশ্বকাপ হবে এবং আমি নিশ্চিত কাতার বিশ্বকাপে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করবে।” 

“মদ্রিচের অবসরের পর ক্রোয়েশিয়া একই রকম থাকবে না। দেশের ফুটবল তার প্রতি ভীষণভাবে ঋণী এবং সে যা করেছে, তার জন্য আমরা সবসময় তার প্রতি কৃতজ্ঞ থাকব। তার সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারা আমাদের জন্য আনন্দের। মদ্রিচ প্রথমত দারুণ একজন মানুষ, সেই সঙ্গে গ্রেট খেলোয়াড়। এ পর্যন্ত যে সাফল্য সে অর্জন করেছে, তা পাওয়ার যোগ্য।” 

মদ্রিচ তো আছেনই, বাছাইয়ের বন্ধুর পথ পেরুনো ক্রোয়েশিয়ার কাজে আসবে দালিচের মধ্যপ্রাচ্যে থাকার অভিজ্ঞতাও। ২০১৭ সালে ক্রোয়াটদের হাল ধরার আগে মধ্যপ্রাচ্যে সাত বছর ছিলেন তিনি, সেখানে তিনটি দলের কোচ ছিলেন। এ অঞ্চলের আবহাওয়া, পরিবেশ, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার উপায় তাই ভালোভাবে জানা আছে দালিচের। 

“আমি সেখানে সাত বছর কাটিয়েছিলাম, একটা অবস্থান তৈরি করেছিলাম এবং ভালো কিছু ফলও পেয়েছিলাম। আমার ক্যারিয়ার সমৃদ্ধ হয়েছিল; কেননা, আমি অভিজ্ঞতা এবং জ্ঞান সঞ্চয় করেছিলাম। এ কারণে কিছু ম্যাচ খেলতে এবং সেখানকার কন্ডিশনের সঙ্গে ছেলেদের মানিয়ে নিতে বিশ্বকাপ শুরুর আগেই কাতারে পৌঁছাতে চাই আমি।” 

“আগেভাগে সেখানে গেলে আমরা বেশ কিছু সুবিধা পাব। ছেলেরা ইতোমধ্যে বড় ম্যাচ খেলতে অভ্যস্ত এবং আমি মনে করি, এ ধরণের অভিজ্ঞতা থাকাটাও আমাদের উপকারে আসবে।”