ভিনিসিউসের মুখে হাসি দেখে আলোন্সোও খুব খুশি
ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচ জয়ী পারফরম্যান্সে সাম্প্রতিক সমস্যা কাটিয়ে ওঠার বার্তাও দিলেন রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
পারফরম্যান্সে ঘাটতি তো কিছুটা ছিলই, সেই সঙ্গে মাঠে ভিনিসিউস জুনিয়রের আচরণও হচ্ছিল প্রশ্নবিদ্ধ। কোচের আস্থায়ও ছিলেন না শতভাগ। ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচ জয়ী পারফরম্যান্সে যেন সব সমস্যার সমাধানের পথ পেয়ে গেলেন রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে লা লিগার ম্যাচটিতে স্বাগতিকদের প্রথমার্ধের পারফরম্যান্স তেমন ভালো ছিল না। আক্রমণে এগিয়ে থাকলেও, কার্যত প্রতিপক্ষকে তেমন একটা ভাবাতে পারেনি তারা বিরতির আগে। তবে দ্বিতীয়ার্ধে দাপট দেখিয়ে ৩-১ গোলে জয় তুলে নেয় তারা।
আর এই জয়ে সামনে থেকে পথ দেখান ভিনিসিউস। বিরতির পর পুনরায় খেলা শুরু হতেই কিছুটা সৌভাগ্যসূচক গোলে দলকে এগিয়ে নেওয়ার পর, ৬৯তম মিনিটে স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তিনি নিজেই ফাউলের শিকার হওয়ায় পেনাল্টিটি পায় রেয়াল মাদ্রিদ। ভিয়ারেয়াল ব্যবধান কমানোর পর স্বাগতিকদের শেষ গোলটি করেন কিলিয়ান এমবাপে।
ম্যাচের পর ভিনিসিউসের উচ্ছ্বসিত প্রশংসা করেন রেয়াল মাদ্রিদ কোচ শাবি আলোন্সো। কেবল গোল দুটির জন্য নয়, বরং ম্যাচে তার আধিপত্য ছড়ানো পারফরম্যান্সের কারণে।
“(ভিনিসিউসের পারফরম্যান্স) আমার খুব ভালো লেগেছে, কেবল তার গোলগুলোর জন্য নয়। তার জন্য আমি খুশি। আজ সে ফল নির্ধারক পারফরম্যান্স করেছে।”
“সে যখন খুশি থাকে, তখন ভালো লাগে এবং সে এখন নিজেকে উপভোগ করছে। হ্যাটট্রিক করার খুব কাছেই ছিল সে। কঠিন লড়াইয়ের একটা ম্যাচ হলো। আমাদের সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করতে হয়েছে। প্রথম গোল পাওয়াটা ছিল কঠিন, কিন্তু দল হাল ছাড়েনি।”
এবারের লা লিগায় আট ম্যাচ খেলে ভিনিসিউসের গোল হলো পাঁচটি। সঙ্গে চারটি অ্যাসিস্টও করেছেন তিনি।
লিগে গত সপ্তাহে আতলেতিকো মাদ্রিদের মাঠে গিয়ে ৫-২ গোলে বিব্রতকর হারের স্বাদ পায় রেয়াল। ওই ম্যাচের তিন দিনের মাথায় চ্যাম্পিয়ন্স লিগে জয়ের পথে ফেরার পর, এবার ঘরোয়া লিগেও জয়ে ফিরল তারা।
দারুণ এই জয়ে আট ম্যাচে সাত জয়ে ২১ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলের শীর্ষে ফিরেছে রেয়াল মাদ্রিদ।
অবশ্য রোববার সেভিয়ার মাঠে জিতলে আবার শীর্ষে উঠবে বার্সেলোনা। সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কাতালান ক্লাবটি।
