২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘খাদের কিনারে’ দাঁড়িয়ে জয়ের স্বপ্ন বেলজিয়াম, ইউক্রেইনের

‘ই’ গ্রুপে চার দলের কেউই নেই স্বস্তিতে, সবার সুযোগ আছে এগিয়ে যাওয়ার, ছিটকে পড়ারও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2024, 08:25 AM

Updated : 26 Aug 2026, 09:51 AM

‘ই’ গ্রুপে দুই ম্যাচ করে খেলে ফেলেছে চার দলই। কেউই এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে ওঠা। চার দলের সামনে সুযোগ আছে গ্রুপ পর্বের বৈতরণী পেরুনোর; একই সঙ্গে আছে ছিটকে যাওয়ার চোখ রাঙানিও। এমন সমীকরণ সামনে নিয়ে মুখোমুখি হচ্ছে বেলজিয়াম ও ইউক্রেইন।

স্টুটগার্টে বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ মুখোমুখি হবে ইউক্রেইন ও বেলজিয়াম। একই দিন ফ্রাঙ্কফুর্টে লড়বে স্লোভাকিয়া ও রোমানিয়া। এই চার দলের পয়েন্ট সমান ৩ করে। গোল ব্যবধান কিংবা বেশি গোল করার হিসাবে এক থেকে চার পর্যন্ত যথাক্রমে আছে রোমানিয়া, বেলজিয়াম, স্লোভাকিয়া ও ইউক্রেইন।

গত দুই ম্যাচে চার দলেরই অম্ল-মধুর অভিজ্ঞতা হয়েছে। একটি করে ম্যাচ জিতেছে সবাই, একটি করে হেরেছেও সবাই। তবে এদের মধ্যে বেলজিয়ামের অবস্থা ‘আহত বাঘ’-এর মতো। টানা কয়েক বছর ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে এবং বর্তমানে তৃতীয় স্থানে থাকা দলটি এখনও নিজেদের নামের প্রতি পারেনি সুবিচার করতে। সুদিন পেছনে পড়ে যায়নি-তা প্রমাণের তাড়না নিয়ে ইউক্রেইন ম্যাচে নামবে তারা।

দলটির ফরোয়ার্ড রোমেলু লুকাকুর গত দুই ম্যাচের অভিজ্ঞতা আরও অদ্ভূত, তেতোও। এ পর্যন্ত তিনি তিনবার জালে বল পাঠালেও, ভিএআরে একবারও মেলেনি গোল। 

গোল না পেলেও তিনি প্রতিপক্ষের রক্ষণে সবসময় ভীতি ছড়িয়ে যাচ্ছেন এবং প্রতিপক্ষের দুই-তিন ডিফেন্ডার তাকে পাহারায় রাখায়, তার সতীর্থদের জন্য আক্রমণে যথেষ্ট জায়গাও তৈরি হয়। রোমানিয়ার বিপক্ষে ইউরি টিয়েলেমান্সের গোলটি তারই উদাহরণ। 

লুকাকু ছাড়াও কেভিন ডে ব্রুইনের মতো আক্রমণের সুর বেঁধে দেওয়া কারিগর আছে বেলজিয়াম দলে। কোচ দোমিনেকো তেদেসকোও জর্জিয়া ম্যাচে তাকিয়ে আছেন ডে ব্রুইনের দিকে।

“আমি কেভিনকে বছর খানেক ধরে চিনি…আপনি অনুভব করতে পারবেন, দলের জন্য সে কতটা উপকারী এবং কতটা গুরুত্বপূর্ণ যে, দলের বাকিরাও তার মতো মানসিকতা নিয়ে মাঠে নামে।”