১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিডফিল্ডারদের আরও সৃজনশীল হওয়ার তাগিদ দিলেন ফ্রান্স কোচ

নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায় এড়াতে পাসিংয়েও উন্নতি করতে বললেন দিদিয়ে দেশম।

মিডফিল্ডারদের আরও সৃজনশীল হওয়ার তাগিদ দিলেন ফ্রান্স কোচ
নেশন্স লিগে টিকে থাকতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফিরতি লেগে খেলায় উন্নতির দিকে তাকিয়ে ফ্রান্সে কোচ দিদিয়ে দেশম। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2025, 08:44 AM

Updated : 26 Aug 2026, 12:19 PM

খেলায় উন্নতির জন‍্য ক্রোয়েশিয়ার বিপক্ষে ফ্রান্সের মিডফিল্ডারদের পাসিংয়ে উন্নতি করতে বললেন দিদিয়ে দেশম। বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক ও কোচ একই সঙ্গে তাদের খেলায় আরও সৃজনশীল হওয়ার তাগিদ দিলেন। 

নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে রোববার প‍্যারিসে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ফ্রান্স। প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে বিবর্ণ ফুটবলে ২-০ গোলে হেরেছিল তারা।

টুর্নামেন্ট থেকে বিদায় এড়াতে দ্বিতীয় লেগে খেলায় উন্নতির কোনো বিকল্প দেখেন না দেশম। 

“মিডফিল্ডাররা আরও সৃষ্টিশীল হতে পারে, যেটা আবশ‍্যক। তবে সব কিছুর উপরে টেকনিক‍্যাল দিক থেকে আমরা নিখুঁত ছিল না। আমাদের ঘাটতির শুরু পাসিং দিয়ে।” 

“আগামী কাল কে শুরুর একাদশে থাকবে এবং কীভাবে খেলবে সেটা আমি বলব না। তবে এটা ভারসাম‍্য ঠিক রাখার ব‍্যাপার। যেটা প্রথম লেগে আমাদের ছিল না… ওরা গত বিশ্বকাপ এবং গত নেশন্স লিগে সেমি-ফাইনালিস্ট। ওরা ভালো দল।”

এখনও ক্রোয়েশিয়ার মূল স্তম্ভ ৩৯ বছর বয়সী লুকা মদ্রিচ। রেয়াল মাদ্রিদ মিডফিল্ডারের আরও কয়েকজন সতীর্থ আছেন ক‍্যারিয়ারের শেষ প্রান্তেই। দেশম মনে করেন, বয়সের কোনো ছাপ নেই তাদের খেলায়।

“কেউ কেউ বলতে পারে ওদের বয়স্ক খেলোয়াড় আছে, তবে এটা তাদের ভালো পারফরম‍্যান্সে কোনো বাধা নয়। আমি ওদের কোচ (জ্লাতকো) দালিচকে অভিনন্দন জানাতে চাই। কোচ হয়ে আসার পর তিনি দলকে শীর্ষ পর্যায়ে রেখেছেন।” 

এই ম‍্যাচের জয়ী দল আগামী জুনে সেমি-ফাইনালে শিরোপাধারী স্পেন কিংবা নেদারল‍্যান্ডসের বিপক্ষে খেলবে। 

শেষ চারে যাওয়ার পথ এখন ভীষণ কঠিন ফ্রান্সের জন‍্য। ক্রোয়েশিয়াকে বিদায় করে টিকে থাকতে হলে কিলিয়ান এমবাপের জ্বলে ওঠা খুবই প্রয়োজন। গত সেপ্টম্বরের পর জাতীয় দলে ফেরা ২৬ বছর বয়সী ফরোয়ার্ড প্রথম লেগে করতে পারেননি তেমন কিছু। তবে ফ্রান্সের হয়ে ৮৭ ম‍্যাচ খেলা রেয়াল মাদ্রিদ তারকার চেষ্টায় খুশি দেশম।

“কিলিয়ান খুব ভালো, সে ছন্দে আছে। সে খুব কার্যকর ছিল না। তবে মাঠে আমি তাকে সম্পৃক্ত থাকতে দেখেছি। সব সময়ই উপস্থিত ছিল এবং তার যথেষ্ট চেষ্টা ছিল। ক্রোয়েশিয়ান গোলরক্ষক তার বিপক্ষে দুর্দান্ত একটি সেভ করেছে। অধিনায়ক হিসেবে সে সম্পৃক্ত ছিল এবং নিজের ভূমিকা পালন করেছে।”