Published : 20 Aug 2026, 02:59 PM
আতলেতিকো মাদ্রিদের শীর্ষ পর্যায় থেকে জানিয়ে দেওয়া হয়েছে, প্রস্তাব যত আকর্ষনীয়ই হোক, হুলিয়ান আলভারেস বিক্রির জন্য নয়। পরিস্থিতি অনুধাবন করতে পেরেই হয়তো আর্জেন্টাইন এই স্ট্রাইকারকে কেনার পরিকল্পনা বাদ দিয়েছে বার্সেলোনা।
এক সূত্রের বরাত দিয়ে ইএসপিএন তাদের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। অবশ্য ওই সূত্রের বরাত দিয়েই গণমাধ্যমটি লিখেছে, আলভারেসকে পাওয়ার আশা একেবারে ছেড়ে দেয়নি কাতালান ক্লাবটি। সম্ভবত আগামী জানুয়ারিতে আবার সেই চেষ্টা করতে চায় তারা।
আতলেতিকো মাদ্রিদের প্রেসিডেন্ট এনরিক সেরেজো বুধবার স্পষ্ট করে জানিয়ে দেন, “আলভারেস বিক্রির জন্য নয়। সে আমাদের খেলোয়াড় এবং আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ।“
এরপরই নিজেদের দলের স্ট্রাইকারের ঘাটতি পূরণে বিকল্প খোঁজায় মনোযোগ দিয়েছেন বার্সেলোনার ক্রীড়া পরিচালক দেকো।
রবের্ত লেভানদোভস্কি ও ফেররান তরেস চলে যাওয়ায়, তাদের শূন্যতা পূরণে জোর দিয়েছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। সেজন্য তাদের মূল টার্গেট ছিলেন আলভারেস, যেটা আপাতত সম্ভব নয় বলেই ধারণা করা হচ্ছে।