স্পেনে ১১ মেট্রিক টন নকল জার্সি জব্দ
স্প্যানিশ পুলিশের তল্লাশিতে জার্সিসহ অন্যান্য নকল পণ্য, যেমন-বিলাসবহুল ঘড়ি, চামড়াজাত পণ্য ও ইলেকট্রনিক্স পণ্য পাওয়া গেছে।
স্পেনসহ ইউরোপের বেশ কয়েকটি ফুটবল ক্লাবের নকল জার্সির ১১ মেট্রিক টন ওজনের বড় একটি চালান জব্দ করেছে স্পেনের পুলিশ। সঙ্গে আরও অনেক নকল পণ্যও বাজেয়াপ্ত করা হয়েছে।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ড। জার্মানিতে আগামী ১৪ জুন থেকে শুরু হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। এই দুই টুর্নামেন্টকে সামনে রেখে এসব জার্সি বিক্রির জন্য স্পেনে নিয়ে আসা হয়।
স্প্যানিশ পুলিশের এক বিবৃতিতে শুক্রবার বলা হয়, ১৫টি ভারী লরিতে তল্লাশি চালিয়ে জার্সিসহ অন্যান্য নকল পণ্য, যেমন-বিলাসবহুল ঘড়ি, চামড়াজাত ও ইলেকট্রনিক্স পণ্য পাওয়া গেছে। যার আনুমানিক বাজার মূল্য ৬০ লাখ ইউরোরও বেশি।
গত এপ্রিলে চীন থেকে পাঠানো স্প্যানিশ ক্লাবগুলোর দুই টন নকল জার্সি জব্দ করে পুলিশ। এরপর থেকে তদন্ত শুরু করে তারা। পুলিশ জানতে পারে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল এবং ইউরোর আগে একটি বড় চালান স্পেনে আসছে। ২০ জনেরও বেশি এজেন্ট নিয়ে একটি স্টিং অপারেশন চালায় তারা।
পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদো, ফ্রান্সের কিলিয়ান এমবাপেসহ বেশ কয়েকজন স্প্যানিশ তারকার নাম লেখা স্পেন ও ইউরোপের বেশ কয়েকটি ফুটবল ক্লাবের ৩৬ হাজার ৫০০ নকল জার্সি জব্দ করতে সক্ষম হয় পুলিশ।
স্পেনের বেশ কয়েকটি সংস্থার উদ্দেশ্যে ছিল, এসব নকল জার্সি স্ট্রিট কমার্স এবং অনলাইনের মাধ্যমে বিক্রি করা।
