‘নেইমারবিহীন ব্রাজিলও আর্জেন্টিনার মতো শিরোপার দাবিদার’
কোপা আমেরিকার মুকুট ধরে রাখা সহজ হবে না বলে আগেভাগেই দলকে সতর্ক করে দিলেন লিওনেল মেসি।
কোপা আমেরিকা নিয়ে নিজের ভাবনা পরিষ্কার করে দিলেন লিওনেল মেসি। বিশ্বচ্যাম্পিয়নের মুকুটধারী, কোপা আমেরিকার শিরোপাজয়ী- অতীতের এসব অর্জন কেবল অনুপ্রেরণার উৎস হতে পারে, কিন্তু ট্রফি জয়ের নিশ্চয়তা দেবে না, বললেন আর্জেন্টাইন মহাতারকা।
যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার পর্দা উঠবে কোপা আমেরিকার এবারের আসরের। মুকুট ধরে রাখার মিশনে নামবে আর্জেন্টিনা। মেসির মনে হচ্ছে, এবারের পথচলা তাদের জন্য বেশ কঠিন হবে। উরুগুয়ে, এমনকি নেইমারবিহীন ব্রাজিলকেও শিরোপার দাবিদার মনে করছেন তিনি।
মার্সেলো তিনেল্লিকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টিনা অধিনায়ক বলেন, এবারের আসর ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে হচ্ছে তার। বাজিমাত করতে পারে যে কোনো দলই।
“আজ আমরা বলতে পারি যে, আমরাই সেরা। কেননা, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু এটা আমাদেরকে এই বিশ্বাস তৈরি করে দেবে না যে, মাঠে নামলেই আমরা কোপা আমেরিকা জিতে ফেলব। ভীষণ প্রতিদ্বন্দ্বিতা হবে। সবগুলো দলই কঠিন।”
“খুবই ভালো মানের একটি প্রজন্ম আছে একুয়েডর দলে, যারা জানে তারা কী চায়। তীব্রতা আছে তাদের খেলায়। বল পায়ে তাদের পরিকল্পনা পরিষ্কার, তারা জানে কী করবে এবং শারীরিকভাবেও তারা শক্তিশালী; কলম্বিয়া, উরুগুয়েও আছে এবং বলার অপেক্ষা রাখে না, ব্রাজিলও আছে...এ কারণে আমি বলছি, এবারের কোপা উন্মুক্ত; আমাদের গ্রুপেরও একই অবস্থা।”
লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় ১৫টি করে শিরোপা আর্জেন্টিনা ও উরুগুয়ের। ৯টি ট্রফির সবশেষটি ব্রাজিল জিতেছিল ২০১৯ সালে; মুকুট ফিরে পাওয়ার মিশনে এবার দলের সঙ্গী হতে পারেননি তারকা ফরোয়ার্ড নেইমার। ‘বন্ধু’র অনুপস্থিতি পোড়াচ্ছে মেসিকে, তবে ব্রাজিলকে ঠিকই সমীহ করছেন আর্জেন্টিনা অধিনায়ক।
“নেইমারের অনুপস্থিতি কষ্টের, কিন্তু তাদের লাখো খেলোয়াড় আছে। ব্রাজিলের সবসময় প্রচুর খেলোয়াড় থাকে; কেননা, তারা ধারাবাহিকভাবে ভিন্ন ভিন্ন খেলোয়াড় বের করে আনে।”
“যদিও ওদের দলে নেইমার নেই, কেননা, সে খুবই কঠিন একটা বছর কাটিয়েছে এবং এখানে আসতে পারেনি, কিন্তু তাদের লাখো খেলোয়াড় আছে…তাদের খুবই শক্তিশালী এবং লড়াকু একটা দল আছে। আর্জেন্টিনার মতো ব্রাজিল; তারা শিরোপার একজন দাবিদার এবং তারাও শিরোপা জিততে চাইবে।”
উদ্বোধনী দিনে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকার ৪৮তম আসর শুরু করবে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপে অন্য দুই দল চিলি ও পেরু।
