ফাইনালে অপরাজেয় থাকার রহস্য জানালেন ফ্লিক
কোচ হিসেবে আট ফাইনালের সবকটিতেই জিতলেন তিনি।
ফাইনালে কখনও হারেন না হান্সি ফ্লিক। রহস্যটা কী? শিরোপা নির্ধারণী ম্যাচের আগে বিশেষ কী করেন তিনি। জার্মান কোচ কী বার্তা দেন খেলোয়াড়দের? এতসব প্রশ্নের উত্তরে খুব গভীরে গেলেন না তিনি, বললেন সাফল্যের কৃতিত্ব সবসময়ই খেলোয়াড়দের।
জেদ্দায় রোববার আরেকটি ফাইনালে জিতেছেন ফ্লিক। রেয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছে তার দল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আট ফাইনাল জয়ের রহস্য নিয়ে বললেন বার্সেলোনা কোচ ফ্লিক।
“গোপন রহস্যটা কী? প্রতিপক্ষের চেয়ে একটি গোল বেশি করা… এটা আমার ব্যাপার নয়। এটা খেলোয়াড়দের কৃতিত্ব। এটা শতভাগ মানসিকতা, আত্মবিশ্বাসের ব্যাপার। আমি কখনও অতীত নিয়ে ভাবি না। আজকের ফাইনাল বিশেষ, জয় সবসময়ই বিশেষ।”
“এই জয় অসাধারণ। আপনি যখন ফাইনালে খেলবেন, বিশেষ করে সেটা যখন ক্লাসিকো তখন সেখানে জেতা অসাধারণ ব্যাপার। আমি গর্বিত, আমরা ভালো খেলেছি, ম্যাচ নিয়ন্ত্রণ করেছি এবং নিজেদের ঘরানার ফুটবল খেলেছি।”
দারুণ ছন্দে থাকা বার্সেলোনার এই জয় মৌসুমের বাকি সময়ে দলটির আত্মবিশ্বাসে প্রভাব ফেলতে পারে। লা লিগায় রেয়ালের চেয়ে চার পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে আছে তারা। তবে এই জয়ের খুব বেশি প্রভাব ভবিষ্যতে দেখছেন না ফ্লিক।
“আমরা জানি না কোনো প্রভাব ফেলবে কিনা, কারণ পরিস্থিতি ভিন্ন। গত মৌসুমে আমরা কিছু পয়েন্ট পিছিয়ে ছিলাম, এবার এগিয়ে।”
