ফ্রান্স-অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে চান হকির নতুন কোচ
অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়া ডাচ কোচ এখনই বড় স্বপ্ন দেখাতে রাজি নন।
ভারতে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ মাঠ গড়ানোর খুব বেশি দেরি নেই। আসরটি সামনে রেখে ডাচ কোচ সিগফ্রেড গোত্তালিয়েব আইকম্যানের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। বাস্তবতা বুঝে ৬৬ বছর বয়সী এই কোচও বললেন, আপাতত বড় দলগুলোকে চ্যালেঞ্জ জানানোই মূল লক্ষ্য তার।
দুই সহকারী কোচ আশিকুজ্জামান ও মশিউর রহমানকে সাথে নিয়ে রোববার সংবাদ সম্মেলনে আসেন আইকম্যান। সেখানে তিনি বাংলাদেশ সম্পর্কে অতীত জানাশোনা, এ দেশের হকির বর্তমান বাস্তবতা এবং অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের লক্ষ্য নিয়ে কথা বলেন।
আগামী নভেম্বরের শেষ দিকে শুরু হতে যাওয়া ২৪ দলের জুনিয়র বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ‘এফ’ গ্রুপে। যেখানে যুবাদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া। মাত্র চার মাসের প্রস্তুতিতে যে বড় স্বপ্ন দেখা সম্ভব নয়, তা অকপটেই বললেন আইকম্যান।
“বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমাদের হাতে প্রায় চার মাস সময় আছে। এটা আরও ভালো হতে পারত? হ্যাঁ, অবশ্যই পারত। ভারতীয় দল সারা বছরই প্রস্তুতিতে ব্যস্ত থাকে। কিন্তু আমরা তো ভারত নই। তবে ছেলেরা মূলত বিকেএসপিতে অনুশীলন করে, তাদের একটা ভিত আছে। এখন আমাদের কাজ হলো সেই বেসটাকে স্থানীয় পর্যায় থেকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা।”
“লক্ষ্য নির্ধারণে বাস্তববাদী হতে হয়। আমি বলতে পারি, আমরা সবকিছু জিতব, কিন্তু এটা অবাস্তব। আমরা এই প্রতিযোগিতায় সবচেয়ে দুর্বল দলের একটি। আমাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া; তারা উঁচু মানের একটি দেশ। আমরা খেলব ফ্রান্সের বিপক্ষে; তারা গত জুনিয়র বিশ্বকাপে ফাইনাল খেলেছে। সম্প্রতি ফ্রান্সের জাতীয় দল অলিম্পিকস চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে হারিয়েছে। কোরিয়া সবসময় এশিয়ায় ভালো করে। আমাদের লক্ষ্য হলো—তাদের কঠিন চ্যালেঞ্জ জানানো। আশা করি, আমরা এতটা ভাগ্যবান হব যে, তাদের হারাতে পারব, চমকে দিতে পারব।“
ফেডারেশনের নানা সীমাবদ্ধতা থাকলেও বর্তমান দলকে, বিশেষ করে তরুণদের সাথে কাজ করতে মুখিয়ে আইকম্যান। এই ডাচ কোচের চাওয়া খেলোয়াড়দের মনে সাহসের বীজ বুনে দেওয়া।
“আমি আমার দল নিয়ে অনেকবার বাংলাদেশের বিপক্ষে খেলেছি এবং বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে বিশ্লেষণ করতে হয়েছে আমাকে। তাই বাংলাদেশের সামর্থ্য এবং বর্তমান অবস্থান সম্পর্কে জানি। এখানে আসার আগেই আমি জানতাম কী পরিস্থিতি এবং কী সম্ভাবনা আছে। এখন ফেডারেশন তরুণদের সুযোগ দিতে চায়, যাতে তারা উন্নতি করতে পারে এবং বেড়ে উঠতে পারে। আমি মনে করি, এটি একটা সোনালি সুযোগ।”
“এখান মানসিকতা বদলানো দরকার। যদি প্রতিপক্ষকে বড় ভাবেন, তাহলে কখনও তাদের হারাতে পারবেন না। আপনাকে বুঝতে হবে যে, আপনারও একটা সুযোগ আছে। সেই সুযোগ আসে কঠোর পরিশ্রমের মাধ্যমে। যদি সমানভাবে পরিশ্রম করেন, নিজেকে সমানভাবে ফিট করেন—তাহলেই সেই সুযোগ কাজে লাগাতে পারবেন।”
