২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গুড মর্নিং সিনিয়র্স, গুড মর্নিং জুনিয়র্স’ বলে সকালেই সাবিনাদের তাতিয়ে দেন বাটলার

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে সেমি-ফাইনালে ওঠার পর বাংলাদেশ কোচ জানালেন, কিভাবে মেয়েদেরকে সেরাটা নিংড়ে দিতে তাতিয়ে তুলেছিলেন তিনি।

বিডিনিউজ২৪

মোহাম্মদ জুবায়ের, কাঠমাণ্ডু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2024, 09:19 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

দলের মধ্যে বয়ে চলা অন্তঃকোন্দলের স্রোত থামাতে অন্যরকম এক কৌশল নিয়েছিলেন বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার। সকালের নাস্তায় মেয়েদের অভিবাদন জানাতে বলেন, ‘গুড মর্নিং সিনিয়র্স, গুড মর্নিং জুনিয়র্স’! সাবিনা-আফিদাদের এভাবেই তাতিয়ে দেন বাটলার। বলার অপেক্ষা না, তাতে কাজও হয়েছে। ভারতকে হারিয়ে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে বাংলাদেশ উঠেছে গ্রুপ সেরা হয়ে।

নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৩-১ গোলে জেতে বাংলাদেশ। সাফে নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে জাতীয় দলের হয়ে গোলের খাতা আফিদা খাতুন খোলেন অষ্টম মিনিটে। এরপর জোড়া গোলে দলকে চালকের আসনে বসান তহুরা খাতুন, যার এ ম্যাচে খেলা নিয়েই ছিল অনিশ্চয়তা।

পাকিস্তানের বিপক্ষে ১-১ ড্র করে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। কিন্তু সাফে অজেয়যাত্রা সাত ম্যাচে টেনে নিয়ে সেমি-ফাইনালের মঞ্চে উঠল বাটলারের দল। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় কোচ জানালেন, সাম্প্রতিক সময়ের বিতর্কের প্রসঙ্গ টেনে কিভাবে সাবিনা-মনিকা-মারিয়াদের তাতিয়ে দিয়েছিলেন তিনি।

“আজ সকালে নাস্তার সময় ওখানে গিয়ে মেয়েদের বলেছিলাম, গুড মর্নিং সিনিয়র্স, গুড মর্নিং জুনিয়র্স। গুড মর্নিং ফিল্ম স্টার্স। সিনিয়র্স ও জুনিয়র্স, এগুলো আমার কাছে কিছু নয়। কেননা, আমি জানি, তাদের কাছ থেকে আমি কী বের করে আনতে পারি। আমি দলে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবহ আনার চেষ্টা করেছি। এ কারণেই মেয়েরা আজ এক্সট্রিমলি (ভীষণ) ভালো খেলেছে।” 

“একটা দলের মধ্যে ঐক্যের প্রয়োজন হয়, গত দুই বছর ধরে দলের মধ্যে সেটা অনুপস্থিত ছিল, গত ছয় মাস ধরে এবং চাইনিজ তাইপে ও ভুটানের বিপক্ষে ম্যাচের পর আমরা সেটা আনার চেষ্টা করেছি।”

পাকিস্তান ম্যাচে সেরা একাদশে জায়গা পাননি গতবারের দুই সাফজয়ী মাসুরা পারভীন ও মারিয়া মান্দা। দুজনের পারফরম্যান্স নিয়ে বিগত দিনে হতাশ হলেও এবার খুশি বাটলার।

“আমি মনে করি, মাসুরা ও মারিয়া, সেই খেলাটাই খেলেছে, যেটা তারা শীর্ষ পর্যায়ে খেলত। দুজনে অভিজ্ঞ খেলোয়াড়। স্বপ্না (রানী) ভালো করেছে, আমি মনে করি, আমরা মারিয়াকে যেভাবে জানি, আজ সে সেভাবে খেলেছে এবং মাসুরাও। দীর্ঘদিন পর মাসুরা এমন খেলেছি, যেভাবে আমরা তাকে চিনতাম।” 

বাংলাদেশ অপরাজিত থেকে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো। দলের পারফরম্যান্স নিয়েও খুশি তিনি। তবে সেমি-ফাইনাল ওঠার আনন্দে ভেসে যেতে চান না এই ইংলিশ কোচ।

“অবশ্যই আমি একটা খুশি দলের কোচ; তবে আমি বাস্তববাদী। আমি উচ্ছ্বাসে ভেসেও যাই না, আবার ভেঙেও পড়ি না…আমি মেয়েদের নিয়ে আসলেই ভীষণ, ভীষণ গর্বিত। তবে আমরা সবেমাত্র সেমি-ফাইনালে উঠলাম। আমি জানি, আরেকটি ম্যাচ আসবে, সে কাজটিও কঠিন হবে।”