রয় কিনের চোখে, লিভারপুল শিরোপার দাবিদার নয়
রয় কিনের মতো একইরকম মন্তব্য করেছেন দলটির কোচ আনা স্লটও।
চ্যাম্পিয়ন্স লিগে রেয়াল মাদ্রিদের বিপক্ষে দারুণ পারফরম্যান্সে ঘুরে দাঁড়ানোর যে আভাস দিয়েছিল লিভারপুল, পাঁচ দিনের মধ্যেই তা মিলিয়ে গেছে। যেখানে সবচেয়ে বেশি ভুগছে, সেই ঘরোয়া লিগে ফিরেই আবার হেরেছে তারা, ম্যানচেস্টার সিটির বিপক্ষে। একের পর এক ম্যাচে আর্না স্লটের দলের এমন ভোগান্তি দেখে রয় কিনের উপলব্ধি, লিগ শিরোপা ধরে রাখায় লিভারপুলের আর কোনো আশা নেই।
২০২৪ সালের গ্রীষ্মে অ্যানফিল্ডে দায়িত্ব নেওয়া স্লটের কোচিংয়ে প্রথম মৌসুমেই প্রিমিয়ার লিগ শিরোপা জেতে লিভারপুল। এবারও লিগে শুরুটা দারুণ হয় তাদের। কিন্তু টানা পাঁচ ম্যাচ জয়ের পরই ঘটে ছন্দপতন।
সেই থেকে তেতো স্বাদ পেয়েছে তারা সব টুর্নামেন্টেই। ছিটকে গেছে লিগ কাপ থেকে। তবে সবচেয়ে বেশি বাজে অবস্থা তাদের প্রিমিয়ার লিগে; যেখানে রোববার রাতে ম্যানচেস্টার সিটির মাঠে ৩-০ গোলের বিধ্বস্ত হয় লিভারপুল, সবশেষ ছয় রাউন্ডে যা তাদের পঞ্চম পরাজয়।
এই পাঁচ পরাজয়ের চারটিই এসেছে প্রতিপক্ষের মাঠে, ১৩ বছরের মধ্যে এমন অভিজ্ঞতা তাদের এটাই প্রথম। আর এবারের লিগে এখন পর্যন্ত ১১ ম্যাচে ১৭টি গোল হজম করেছে চ্যাম্পিয়নরা।
দিনের পর দিন এমন সাদামাটা পারফরম্যান্স এবং লিগ টেবিলে অবনমনে শিরোপা লড়াইয়ে লিভারপুলের কোনো সুযোগ দেখছেন না সাবেক তারকা মিডফিল্ডার রয় কিন।
“এই মুহূর্তে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে লিভারপুলকে ধরতে পারেন না, এই নিয়ে পাঁচ ম্যাচ হারল তারা।”
“আমার মতে, সময়টা লিভারপুলের জন্য সংকটের। মৌসুমে এখন পর্যন্ত ১০ ম্যাচের মধ্যে সাতটিতে পরাজয়, এর পাঁচটিই লিগে, লিভারপুলের মতো দলের জন্য অবশ্য সময়টা ভীষণ কঠিন।”
শিরোপা ধরে রাখার অভিযানে অনেকটাই পিছিয়ে পড়েছে লিভারপুল। ১১ ম্যাচের মাত্র ছয়টিতে জিতে ১৮ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে, শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৮ পয়েন্ট পেছনে।
সিটির বিপক্ষে হারের পর লিভারপুল আর্না স্লটও প্রায় একইরকম মন্তব্য করেন। কক্ষপথে ফেরার আগ পর্যন্ত শিরোপা লড়াই নিয়ে তাদের কথা বলাই উচিত নয় বলে মনে করেন ডাচ কোচ।
