‘গোলমেশিন’ হলান্ড যেভাবে নিজেকে ফিট রাখেন
ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার নিজের ইউটিউব চ্যানেলে দেখালেন তার দৈনন্দিন জীবনের চমকপ্রদ রুটিন।
গোলের পর গোল করে যেন ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন আর্লিং হলান্ড। তার এমন গোলক্ষুধার রহস্য কী কিংবা কীভাবে নিজেকে ফিট রাখেন তিনি? ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার নিজের ইউটিউব চ্যানেলে তুলে ধরলেন তার দৈনন্দিন জীবনের চমকপ্রদ রুটিন।
হলান্ডের একটি সাধারণ দিন কীভাবে কাটে, তা উঠে এসেছে তার নতুন ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও ‘ডে ইন দা লাইফ অব প্রো ফুটবলার’ -এ।
ভিডিওতে দেখা যায়, ২৫ বছর বয়সী তারকার বাড়িটি যেন আধুনিক এক প্রাসাদ, চকচকে মার্বেল, উঁচু জানালা আর শৈল্পিক সাজে গড়া। রান্নাঘরের এক কোণে রাখা বিশাল এক টেডি বিয়ার।
এই মৌসুমে ক্লাব ও নরওয়ে জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৪ ম্যাচে ২৪ গোল করেছেন হলান্ড। তার দিন শুরু হয় এক কাপ কফি দিয়ে। কফিতে দেন ম্যাপল সিরাপ।
“সঠিকভাবে বানাতে পারলে এটা একপ্রকার সুপারফুড।”
ভাজা ডিম আর সদ্য আনা পাউরুটি দিয়ে নাশতা করেন হলান্ড। রান্না করেন তিনি নিজেই।
“আমি ১৬ বছর বয়স থেকে একা থাকি, তাই আমাকে রান্না করতে হয়।”
নাশতার পর হলান্ড চলে যান নিজের বাড়ির জিমে, যেখানে ম্যানচেস্টার সিটির স্পোর্টস থেরাপিস্ট মারিও পাফুন্দির সঙ্গে করেন ম্যাসাজ।
মেঘলা আবহাওয়ায় সূর্যালোকের অভাব পূরণ করতে হলান্ড ব্যবহার করেন ‘রেড লাইট মেশিন’, যা থেকে নেন ভিটামিন ডি। এরপর তিনি যান ফার্মে, সেখান থেকে কিনে আনেন স্টেক, কাঁচা দুধ আর মধু।
বাড়িতে ফিরে হলান্ড প্রস্তুত করেন দুটি স্টেক। মাংস মেরিনেট হওয়ার ফাঁকে ডুবে যান বরফ ঠান্ডা পানিতে।
স্টেক তৈরি হলে হলান্ড কাঁটাচামচ সরিয়ে রেখে হাত দিয়েই খাওয়া শুরু করেন।
ইউটিউব চ্যানেল চালুর পেছনের কারণ নিয়েও ভিডিওতে বলতে দেখা যায় হলান্ডকে।
“মানুষ সবসময় ম্যাচ, গোল আর উদযাপনই দেখে। কিন্তু এসবের প্রস্তুতির জন্য কতটা সময় ব্যয় করি, সেটা কেউ জানে না। এই ভিডিওতে দেখানো হয়েছে আমার রুটিন, খাবার, রিকভারি, ছোট ছোট সেই বিষয়গুলো, যা গুরুত্বপূর্ণ। মাঠের বাইরে আমি কেমন, সেটাও বোঝা যাবে এখান থেকে। আশা করি, লোকজন উপভোগ করবে।”
