২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টায় ঋতুপর্ণা-আফঈদারা

উইমেন’স এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছে প্রথম অনুশীলন সেশন সেরেছে বাংলাদেশ দল।

অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টায় ঋতুপর্ণা-আফঈদারা
অস্ট্রেলিয়ায় অনুশীলন শুরু করেছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়রা। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 04:29 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

মাঠের লড়াই শুরুর আগে যে লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়া, সে কাজেই দল নেমে পড়েছে। প্রথম অনুশীলন সেশনে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার দিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় প্রথম দিনের অনুশীলন নিয়ে বলেছেনগোলকিপার কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল।

আগামী ১ মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হবে এশিয়ার নারী ফুটবলের সর্বোচ্চ আসর। ৩ মার্চ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে পিটার জেমস বাটলারের দলের বাকি দুই প্রতিপক্ষ উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।

চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষের ম্যাচ দুটি বাংলাদেশ খেলবে সিডনিতে। উজবেকিস্তান ম্যাচ পার্থে। শুরুর দুই ম্যাচ সামনে রেখে সিডনিতেই তাঁবু ফেলেছে দল। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে শনিবার প্রথম অনুশীলন সেশন করেছে হয়েছে। 

বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে রওনা দিয়ে শুক্রবার সিডনি পৌঁছায় বাংলাদেশ। লম্বা ভ্রমণের কারণে কিছুটা ক্লান্তি নিয়েই প্রস্তুতি শুরু করেছে দল। গোলকিপার কোচ উজ্জ্বল জানিয়েছেন, অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে মেয়েরা।

“আমরা গতকাল রাত ১২টায় এয়ারপোর্ট থেকে টিম হোটেলে এসে উঠেছি এবং এসে ডিনার করে আজকে সকালে ৮টা থেকে ১০টা পর্যন্ত আমাদের ট্রেনিং সেশনটা কমপ্লিট করলাম। তো ভ্রমণজনিত যে ক্লান্তি সেটা তো আছেই খেলোয়াড়দের মধ্যে, কিন্তু আল্লাহর রহমতে তেমন কোনো ইনজুরির আশঙ্কা আমাদের মধ্যে নেই। খেলোয়াড়দের সবাই মোটামুটি ফিট আছে।”

“আমরা চেষ্টা করছি এখন আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার জন্য। কোচ যেভাবে নির্দেশনা দিচ্ছে, খেলোয়াড়েরাও সেভাবে চেষ্টা করতেছে। আজকের ট্রেনিং সেশনটা মোটামুটি ভালো হয়েছে। ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কের ফ্যাসিলিটি আসলে একটা প্রপার ফুটবল টিমের জন্য যত রকমের সুযোগ-সুবিধা দরকার, সবই এখানে আছে। তাই আমাদের এটা নিয়ে আসলে কোনো সমস্যায় পড়তে হচ্ছে না।”