আর্জেন্টিনাকে হারিয়ে মরক্কোর বিশ্বকাপ জয়
ফুটবলে সিনিয়রদের সাফল্যের ধারা অব্যাহত রাখতে প্রস্তুত, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতে যেন সেই বার্তাই দিচ্ছে মরক্কোর তরুণ বিশ্বসেরা দল।
বয়সভিত্তিক ফুটবলে অসাধারণ এক সাফল্য পেয়েছে মরক্কো। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা।
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে বাংলাদেশ সময় সোমবার সকালে অনুষ্ঠিত ফাইনালে ২-০ গোলে জিতেছে মরক্কো।
দুটি গোলই করেন ইয়াসির জাবিরি। দ্বাদশ মিনিটে ফ্রি কিকে দলকে এগিয়ে নেওয়ার ১৭ মিনিট পর, কাছ থেকে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
গ্রুপ পর্বে তিন ম্যাচের দুটিতে জয়ের পর, নকআউট পর্বে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠে মরক্কো। আর শিরোপা লড়াইয়ে তারা সহজেই হারাল আর্জেন্টিনাকে।
যেকোনো বয়সের ফুটবলে এই প্রথম কোনো বিশ্বকাপ ট্রফি জয়ের স্বাদ পেল মরক্কো।
প্রথম আরব দেশ হিসেবে এই সাফল্য পেল তারা। আর ২০০৯ সালে গানার পর প্রথম আফ্রিকান দেশ হিসেবে এই প্রতিযোগিতার ট্রফি জিতল মরক্কো।
অসাধারণ এই অর্জনে যেন নতুন এক বার্তাও দিচ্ছে মরক্কো; ফুটবল জগতে যেন সত্যিকার অর্থেই নতুন শক্তি হয়ে উঠছে তারা।
কাতার বিশ্বকাপে চমক জাগিয়ে সেমি-ফাইনালে ওঠা দলটি তাদের দুর্দান্ত যাত্রা অব্যাহত রেখেছে। সম্প্রতি তারা গড়েছে আন্তর্জাতিক ফুটবলে টানা সবচেয়ে বেশি জয়ের বিশ্বরেকর্ড।
সবশেষ ১৬ ম্যাচের সবগুলো জিতেছে আটলাস লায়ন্স নামে খ্যাত দলটি। ভেঙে দিয়েছে স্পেনের টানা ১৫ জয়ের আগের রেকর্ড।
দেশের সিনিয়র দলের বিস্ময়কর সাফলের ধারা যে তরুণরা বয়ে নিতে প্রস্তুত, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতে যেন সেই বার্তাই দিল মরক্কোর এই বিশ্বসেরা দল।
