১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জাপানে সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে লড়াইয়ের প্রত্যয় মারিয়াদের

মূল প্রতিযোগিতায় লড়াইয়ের প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশ অধিনায়ক মারিয়া মান্দা।

জাপানে সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে লড়াইয়ের প্রত্যয় মারিয়াদের
এশিয়ান গেমসে লড়াকু ফুটবল খেলার লক্ষ্য জানালেন মারিয়া মান্দা। ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 07:35 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট হারানোর ক্ষত এখনও সঙ্গী। সামনে অপেক্ষা করছে এশিয়ান গেমসে আরও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াই। তবে, মারিয়া মান্দা নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক প্রতিশ্রুতি দিলেন, সামর্থ্যের সবটা দিয়ে লড়বে তার দল। 

এবারের এশিয়ান গেমস জাপানের আইচি-নাগোয়ায় আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ৪ অক্টোবরে। নারী ফুটবল ইভেন্ট মাঠে গড়াবে ১৪ সেপ্টেম্বর। বাংলাদেশের সাথে ‘বি’ গ্রুপে আছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমার।

উত্তর কোরিয়া এই ইভেন্টে তিনবারের সেরা। দক্ষিণ কোরিয়ার আছে তিনটি ব্রোঞ্জ। এই গ্রুপে পদক নেই কেবল বাংলাদেশ ও মিয়ানমারের। তবে, এই দুই দলের মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে মিয়ানমারের (৫৫তম) চেয়ে বাংলাদেশ অনেক পিছিয়ে, ১০৭তম।

নিকট অতীতে এই তিন দলের মধ্যে কেবল উত্তর কোরিয়া ও মিয়ানমারের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে ঋতুপর্ণা-মিলিদের। গত বছর জুলাইয়ে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো উইমেন’স এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। 

আর এশিয়ান কাপে গিয়ে গত মার্চে উত্তর কোরিয়ার বিপক্ষে মেয়েরা হেরে যায় ৫-০ গোলে।

এই বাস্তবতায় বড় স্বপ্ন দেখার কথা সোমবার বাফুফে ভবনের সংবাদ সম্মেলনে বলেননি বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার। বরং চীনে গিয়ে সেখানে ১০ দিনের ক্যাম্প ও দুটি প্রস্তুতি ম্যাচে দলকে শাণিয়ে নেওয়ার দিকেই তার বেশি মনোযোগ। কোচের পাশে বসে দুটি উইমেন’স সাফ জয়ী মিডফিল্ডার মারিয়া বললেন, আত্মবিশ্বাসী ফুটবল খেলতে চান তারা।

“এশিয়ান গেমস উপলক্ষে আজ আমরা চায়না যাচ্ছি (ক্যাম্প করতে)। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে পারফরম করতে পারি। আমরা এশিয়ান গেমসে যে গ্রুপে পড়েছি, সব দল খুব ভালো। তো আমরা যেন ভালোভাবে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি এবং আমাদের সর্বোচ্চটা দিতে পারি, সেই উদ্দেশ্য থাকবে আমাদের।

“আমাদের দলটিও অত্যন্ত শক্তিশালী এবং সেই অনুযায়ী আমাদের প্রস্তুতিও খুব ভালো হচ্ছে। সাফে খেলে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা আমাদের অনেক সাহায্য করবে। কারণ সেখানে আমরা বেশ কিছু ভালো দলের মুখোমুখি হয়েছি। এখন অনুশীলনের উদ্দেশ্যে আমরা চীনে যাচ্ছি, যেখানে দুটি ম্যাচ খেলা হবে। শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে খেলা আমাদের জন্য ইতিবাচক হবে। আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। ম্যাচের ফলাফল সব সময় খেলার পরিস্থিতির ওপর নির্ভর করে। তাই প্রতিপক্ষ শক্তিশালী হোক বা সাধারণ, নিজেদের ওপর আত্মবিশ্বাস বজায় রেখে আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব।”