ইংলিশ ফুটবলের ইতিহাসে রেকর্ড লোকসান চেলসির
ম্যানচেস্টার সিটিকে ছাড়িয়ে সর্বোচ্চ লোকসান এখন চেলসির।
২০২৪-২৫ মৌসুমে কর দেওয়ার আগে ২৬ কোটি ২৪ লাখ পাউন্ড লোকসানের কথা জানিয়েছে চেলসি। ইংলিশ ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি বার্ষিক লোকসান এটি। আগের রেকর্ড ছিল ২০১০-১১ মৌসুমে ম্যানচেস্টার সিটির ১৯ কোটি ৪৯ লাখ পাউন্ড।
যদিও প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান অর্জন ও ইউরোপা কনফারেন্স লিগ জয়ের ফলে ২০২৫ সালের জুনে শেষ হওয়া ওই অর্থ বছরে চেলসির আয় বেড়ে দাঁড়িয়েছে ৪৯ কোটি ৯ লাখ পাউন্ডে।
লন্ডনের ক্লাবটি জানিয়েছে, প্রিমিয়ার লিগ থেকে সম্প্রচার বাবদ এবং ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণের ফলে তাদের আয় বেড়েছে।
গত জুলাই মাসে ক্লাব বিশ্বকাপ জিতেছিল চেলসি।
এক বিবৃতিতে বুধবার চেলসি বলেছে, খরচ বেড়ে যাওয়ায় তাদের গত মৌসুমটি লোকসানে শেষ হয়।
২০২২ সালে ব্লুকো ক্লাবটির মালিকানা কিনে নেওয়ার পর থেকে চেলসি খেলোয়াড় কেনার পেছনে ১০০ কোটি পাউন্ডের বেশি ব্যয় করেছে এবং অনেক তরুণ খেলোয়াড়কে দীর্ঘমেয়াদী চুক্তিতে দলে টেনেছে।
