২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাসিকোয় বর্ণবাদী আক্রমণের অভিযোগে গ্রেপ্তার ৩

রেয়াল মাদ্রিদের মাঠে বার্সেলোনার দুই ফুটবলারের বৈষম্যমূলক আচরণের শিকার হওয়ার অভিযোগ ওঠে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2024, 10:45 PM

Updated : 26 Aug 2026, 10:58 AM

কোনো কিছুতেই স্পেনের ফুটবলে দর্শকদের বর্ণবাদী আচরণ থামছে না। ক্লাসিকোয় বার্সেলোনার দুই খেলোয়াড়কে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে স্প্যানিশ পুলিশ। 

লা লিগায় গত অক্টোবরে সান্তিয়াগো বের্নাবেউয়ে রেয়াল মাদ্রিদের মুখোমুখি হয় বার্সেলোনা। ওই ম্যাচেই লামিনে ইয়ামাল ও বার্সেলোনার আরেকজন খেলোয়াড়ের বৈষম্যমূলক আচরণের শিকার হওয়ার অভিযোগ ওঠে।

স্পেনের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ওই লড়াইয়ে ৪-০ গোলে জেতে বার্সেলোনা। একটি গোল করেন ইয়ামালও; তার বাবা মরক্কান ও মা ইকুয়েটেরিয়াল গিনির।

স্প্যানিশ সুপ্রিম স্পোর্টস কাউন্সিল (সিএসডি) ও লা লিগা এই ঘটনার নিন্দা জানিয়েছে। অপরাধীদের শনাক্ত করতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে রেয়াল মাদ্রিদ।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) জানিয়েছে, স্টেডিয়ামে বর্ণবাদী আচরণ ও সহিংসতার বিরুদ্ধে তারা ‘জিরো টলারেন্স নীতি’ অনুসরণ করছে। এমন আচরণকে ‘সামাজিক বিপর্যয়’ মনে করছে তারা। বর্ণবাদী আচরণ বেড়ে যাওয়া ঠেকাতে স্টেডিয়াম আংশিক বন্ধসহ নানা পদক্ষেপ নিয়েছে আরএফইএফ ও লা লিগা।

রেয়ালের তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রকে উদ্দেশ্য করে বর্ণবাদী আচরণ করায় গত কয়েক মাসে বেশ কয়েকজনকে শাস্তিও দেওয়া হয়েছে।