২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জানি, ম্যাচটা অভিযানের গুরুত্বপূর্ণ ধাপ হতে যাচ্ছে’

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ফল মধ্যপ্রাচ্যের দলটিকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।

‘জানি, ম্যাচটা অভিযানের গুরুত্বপূর্ণ ধাপ হতে যাচ্ছে’
মিডফিল্ডার করিম বুদিয়াফ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2026, 07:31 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

ইউরোপের শক্তি সুইসদের বিপক্ষে দারুণ লড়াই করে পয়েন্ট আদায় করে নেওয়ার পর, আত্মবিশ্বাসী হয়ে উঠেছে কাতার। এবারই প্রথম বাছাই উতরে বিশ্বকাপে আসা দলটি স্বপ্ন দেখছে টুর্নামেন্টে বড় এক ছাপ রাখার। সেই লক্ষ্যে আসরের সহ-আয়োজক কানাডার বিপক্ষে ম্যাচে দারুণ কিছু করতে চান মিডফিল্ডার করিম বুদিয়াফ।

উত্তর আমেরিকা বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম রাউন্ড শেষ হয়ে গেছে। নিজেদের প্রথম ম্যাচে একইরকম ফল পায় কানাডা ও কাতার। বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ড্র করে কানাডা, আর সুইজারল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়ার পর প্রতিপক্ষের আত্মঘাতী গোলে একটি পয়েন্ট পায় কাতার। 

শুরু হয়েছে গ্রুপ পর্বের দ্বিতীয় পর্ব এবং এই ধাপেই অনেক দল নকআউট পর্বে ওঠার পথে এগিয়ে যাবে। বুদিয়াফও যেন তেমন কিছু করতে চান। কাতারের পত্রিকা আল রায়াকে সেই প্রত্যয় নিয়েই কানাডার মুখোমুখি হওয়ার কথা বললেন তিনি।

“কানাডা ম্যাচের জন্য আমরা প্রস্তুত। আমাদের জন্য এই ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ, আমরা বুঝতে পারছি এবং জানি, টুর্নামেন্টে আমাদের যাত্রা কেমন হবে, এর জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ একটা ধাপ।”

“আমরা জানি, ম্যাচটা মোটেও সহজ হবে না। কানাডা দলে মানসম্পন্ন ফুটবলার আছে এবং তারা নিজেদের সমর্থকদের সামনে ঘরের মাঠে খেলবে, যা তাদের বাড়তি প্রেরণা জোগাবে। তবে, আমরা দারুণ অনুপ্রেণিত এবং নিজেদের সেরাটা দিতে এবং ইতিবাচক ফল পেতে আমরাও দৃঢ়প্রতিজ্ঞ।”

বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোরে কানাডার মুখোমুখি হবে কাতার। ভ্যাঙ্কুভারে ম্যাচটি শুরু হবে ভোর ৪টায়।