হাসপাতাল ছাড়লেন পেলে
পিঠের সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে।
৭৪ বছর বয়সী পেলে স্নায়ুর সমস্যায় ভুগছিলেন। সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়।
কিডনি থেকে পাথর অপসারণের পর আট মাস আগে পেলের মূত্রঘটিত সংক্রমণের চিকিৎসা করা হয়েছিল।
পেলের কিডনি এখন একটি। খেলোয়াড়ী জীবনের শেষে তার শরীর থেকে একটি কিডনি অপসারণ করা হয়।
ফিফার হিসেবে শতাব্দীর সেরা খেলোয়াড় পেলে ২১ বছরের ক্যারিয়ারে ১ হাজার ৩৬৩ ম্যাচে ১ হাজার ২৮১টি গোল করেন। ব্রাজিলের হয়ে খেলা ৯১ ম্যাচে তার গোল ৭৭টি।
বিশ্বকাপে খেলা ১৪ ম্যাচে ১২ গোল করেন পেলে। ১৯৭০ সালের আসরে সেরা খেলোয়াড় হিসেবে ফিফা গোল্ডেন বল পুরস্কার জেতেন তিনি।
