সবচেয়ে দামি ইংলিশ ফুটবলার হওয়ার পথে স্টার্লিং
ইংলিশ ফুটবলারদের মধ্যে সবচেয়ে দামি খেলোয়াড়ের রেকর্ড গড়তে যাচ্ছেন রাহিম স্টার্লিং। তাকে ৪ কোটি ৯০ লাখ পাউন্ডের বিনিময়ে কিনে নিতে তার দল লিভারপুলের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ম্যানচেস্টার সিটি।
চুক্তি নিয়ে স্টার্লিংয়ের ব্যক্তিগত শর্ত ও মেডিক্যাল পরীক্ষার ওপর ২০ বছর বয়সী এই মিডফিল্ডারের দলবদল নির্ভর করছে।
এই চুক্তি হলে স্টার্লিং হবেন সবচেয়ে দামি ইংলিশ খেলোয়াড়। এখন পর্যন্ত সবচেয়ে দামি ইংলিশ খেলোয়াড় অ্যান্ডি ক্যারোল ২০১১ থেকে সাড়ে ৩ কোটি পাউন্ডের বিনিময়ে নিউক্যাসল ইউনাইটেড থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন।
অনেক দিন ধরেই স্টার্লিংয়ের সম্ভাব্য দলবদল নিয়ে গুঞ্জন চলছিল। কিছু দিন আগে গণমাধ্যমের খবরে বলা হয়, স্টার্লিং অ্যানফিল্ড ছাড়তে চান। গত জুনে তাকে কিনতে দুটি প্রস্তাব দিয়েছিল সিটি, কিন্তু তখন ওই প্রস্তাব ফিরিয়ে দেয় লিভারপুল।
লিভারপুলের সঙ্গে ২০১৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ স্টার্লিং। সম্প্রতি ক্লাবের পক্ষ থেকে দেওয়া সপ্তাহে এক লাখ পাউন্ড বেতনের নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।
