মুক্তিযোদ্ধাকে উড়িয়ে দিল শেখ রাসেল
শুরুতে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে উড়ে গেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। লিগের প্রথম পর্বে জেতা মুক্তিযোদ্ধা দ্বিতীয় পর্বে শেখ রাসেলের কাছে হেরেছে ৫-১ ব্যবধানে।
প্রথম লেগে মুক্তিযোদ্ধার কাছে ২-১ গোলে হেরেছিল শেখ রাসেল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার অষ্টম মিনিটে এনামুল হকের গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। এরপরই পথ হারায় তারা। সপ্তদশ মিনিটে ইকাঙ্গার পেনাল্টি গোলে সমতায় ফেরে শেখ রাসেল।
পাঁচ মিনিটে পর পল লক্ষ্যভেদ করলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় শেখ রাসেল। দ্বিতীয়ার্ধে জাহিদ, পল ও রুম্মন একটি করে গোল করলে মারুফুল হকের দলের বড় ব্যবধানের জয় নিশ্চিত হয়।
এ জয়ে ১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগের তালিকায় দ্বিতীয় স্থানে আছে শেখ রাসেল।
শেখ রাসেলের চেয়ে এক ম্যাচ বেশি খেলা শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।
নিজেদের পঞ্চম হারে শিরোপা লড়াই থেকে অনেক পিছিয়ে গেল মুক্তিযোদ্ধা। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে তারা।
