২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারকে ছাড়াও ব্রাজিল ‘বিপজ্জনক’

নেইমারবিহীন ব্রাজিলকে মোটেও হালকাভাবে নিচ্ছে না প্যারাগুয়ে। কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল সামনে রেখে নেইমারকে ছাড়াই ব্রাজিল বিপজ্জনক দল বলে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন প্যারাগুয়ে ডিফেন্ডার পাওলো দি সিলভা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 08:50 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

চিলিতে বাংলাদেশ সময় রোববার ভোর সাড়ে তিনটায় কোপা আমেরিকার সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হবে প্যারাগুয়ে। নিষেধাজ্ঞার কারণে কোপা আমেরিকার চলতি আসর শেষ হয়ে যাওয়া নেইমারকে ছাড়া এ ম্যাচে খেলতে নামা ব্রাজিলকে নিয়ে নিজের ভাবনা জানান দি সিলভা।

“ব্রাজিলের জন্য নেইমার খুবই গুরুত্বপূর্ণ। সে কতটা বড় মাপের খেলোয়াড়, সেটা গত মৌসুমে বার্সেলোনার হয়ে দেখিয়েছে; ত্রিমুকুট জিতেছে। কিন্তু নেইমারকে ছাড়া ব্রাজিল ভীষণ ভয়ঙ্করই থাকবে।”

কোপা আমেরিকার আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ম্যাচে ভুলের কোনো সুযোগ নেই বলেও সতীর্থদের সতর্ক করে দিয়েছেন এই ডিফেন্ডার। কার্লোস দুঙ্গার দলকে হারাতে হলে নিখুঁত ফুটবল খেলতে হবে বলেও সোমবার সাংবাদিকদের জানান প্যারাগুয়ের এই খেলোয়াড়।

“এখানে তারা (ব্রাজিল) যোগ্যতা দিয়েই এসেছে এবং কোন ভুল করলে তারা শাস্তি দিবে। আমরা সেমি-ফাইনালে ওঠার চেষ্টা করব; যেটা আমাদের জন্য স্বপ্ন পূরণের এবং খুবই বিশেষ কিছু হবে। কিন্তু সেরা চারে যেতে হলে আমাদের নিখুঁত ম্যাচ খেলতে হবে।”

কলম্বিয়ার বিপক্ষে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচের শেষে অখেলোয়াড়সুলভ আচরণ করে লাল কার্ড পান নেইমার। এ কারণে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন চার ম্যাচের নিষেধাজ্ঞা দিলে কোপা আমেরিকার এবারের আসরে বার্সেলোনা ফরোয়ার্ডের খেলার আশা শেষ হয়ে যায়।